যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আমাদের সদিচ্ছা আছে, তবে আস্থা নেই: ইরান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ ইসলামাবাদে পৌঁছে বলেছেন, যদি মার্কিন পক্ষ প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে, তবে আমাদের পক্ষ থেকেও চুক্তির প্রস্তুতি তারা দেখতে পাবে।
তাসনিম সংবাদ সংস্থার পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ ইসলামাবাদে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে—যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে বলেন: দুর্ভাগ্যজনকভাবে, মার্কিনিদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা সবসময়ই ব্যর্থতা ও চুক্তিভঙ্গের মুখোমুখি হয়েছে। এক বছরেরও কম সময়ে দুইবার, আলোচনার মাঝপথে—ইরানি পক্ষের সদিচ্ছা থাকা সত্ত্বেও—তারা আমাদের ওপর হামলা চালিয়েছে এবং একাধিক যুদ্ধাপরাধ সংঘটিত করেছে।
কলিবফ আরও বলেন: আসন্ন আলোচনায় যদি মার্কিন পক্ষ প্রকৃত চুক্তি এবং ইরানি জনগণের অধিকার প্রদানে প্রস্তুত থাকে, তবে আমাদের পক্ষ থেকেও চুক্তির প্রস্তুতি দেখা যাবে। তবে বর্তমান সংঘাতে আমরা তাদের দেখিয়েছি যে, যদি তারা আলোচনাকে একটি ফলহীন প্রদর্শনী বা প্রতারণামূলক কৌশল হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে আমরা আল্লাহর ওপর বিশ্বাস ও আমাদের জনগণের শক্তির ওপর নির্ভর করে নিজেদের অধিকার আদায়ে প্রস্তুত রয়েছি।
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন