আক্রমণকারীদেরকে জবাবদিহিতার আওতায় আনবে ইরান
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বলেছেন, আক্রমণকারীদের জবাবদিহির আওতায় আনা হবে, এটা ইরানের দায়িত্ব।
তাসনিম সংবাদ সংস্থার পররাষ্ট্রনীতি বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল শুক্রবার টেলিফোনে কথা বলেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক আগ্রাসনের সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালা রক্ষার স্বার্থে সকল দেশের দায়িত্বশীল অবস্থান গ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী গত এক বছরে সংঘটিত দুইটি চাপিয়ে দেওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের বারবার অঙ্গীকারভঙ্গ এবং সংঘটিত অপরাধসমূহের কথা স্মরণ করে বলেন, যুদ্ধের সম্পূর্ণ অবসান, ইরানের ক্ষতিপূরণ এবং আগ্রাসীদের জবাবদিহিতার পথ সুগম করার লক্ষ্যে ইরানের যুদ্ধবিরতি মেনে নেওয়ার সিদ্ধান্ত একটি অত্যন্ত দায়িত্বশীল পদক্ষেপ, যা সকল পক্ষের মাধ্যমে যথাযথভাবে মূল্যায়িত হওয়া উচিত।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ বন্ধের প্রতি সমর্থন জানিয়ে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের হামলা বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং আশা প্রকাশ করেন-আসন্ন আলোচনা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন