আমেরিকার ‘জলদস্যুতায়’ হরমুজ প্রণালিতে কড়া নিরাপত্তা জারি করল ইরান
-
লে. কর্নেল ইব্রাহিম জুলফিকারি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র লে. কর্নেল ইব্রাহিম জুলফিকারি জানিয়েছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে এবং এই কৌশলগত জলপথটি এখন সশস্ত্র বাহিনীর কঠোর নজরদারি ও ব্যবস্থাপনায় রয়েছে।
আজ (রোববার) এক বিবৃতিতে জুলফিকারি বলেন, "ইসলামী প্রজাতন্ত্র ইরান পূর্ববর্তী আলোচনায় সদিচ্ছার ভিত্তিতে গৃহীত চুক্তি অনুসারে কিছুসংখ্যক তেলবাহী ও বাণিজ্যিক জাহাজের নিয়ন্ত্রিত চলাচলের অনুমতি দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মার্কিনীরা, তথাকথিত অবরোধের নামে জলদস্যুতা ও ডাকাতি চালিয়ে যাচ্ছে। এই কারণেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে এবং এই কৌশলগত প্রণালীটি সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।"
খাতামুল আম্বিয়া (আ.) কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র আরও জোর দিয়ে বলেন: যতক্ষণ পর্যন্ত ইরানের উৎস থেকে গন্তব্যে এবং গন্তব্য থেকে ইরানের উৎসে জাহাজ চলাচলে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করবে, ততক্ষণ হরমুজ প্রণালীর অবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে এবং পূর্বের অবস্থায় বজায় থাকবে।
এদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান আজিজি বলেছেন, হরমুজ প্রণালীতে নতুন নৌব্যবস্থা মেনে চলতে হবে। এই ব্যবস্থায় কেবল বাণিজ্যিক জাহাজগুলোকেই সেনাবাহিনীর সদর দপ্তর ও নৌবাহিনীর অনুমতি নিয়ে নির্ধারিত পথে চলাচলের অনুমতি দেওয়া হবে এবং তার বিনিময়ে ইরানি জনগণের অধিকার পরিশোধ করতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা যদি ইরানি জাহাজগুলোর জন্য সামান্যতম সমস্যা তৈরি করতে চায়, তাহলে এই সিদ্ধান্ত সহজেই বদলে দেওয়া যেতে পারে।#
পার্সটুডে/এমএআর/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন