স্বাধীনতা ও প্রতিরোধের প্রতীক হিসেবে মেক্সিকোয় ইরান প্রশংসিত, মিলল অনন্য সম্মান
-
'বেনিতো হুয়ারেজ' মেডেল অব অনারে ভূষিত ইরান
পার্সটুডে: 'মেক্সিকান অ্যাসোসিয়েশন অব জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিকস'-এর প্রতিষ্ঠার ১৯৩তম বার্ষিকীর আনুষ্ঠানিক অনুষ্ঠানে ইরান, লেবানন ও কিউবার জনগণকে 'বেনিতো হুয়ারেজ' মেডেল অব অনারে ভূষিত করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদ এবং রাজনৈতিক অভিজাতদের মাঝে ইসলামি প্রজাতন্ত্র ইরান অন্য যেকোনো দেশের চেয়ে বেশি মনোযোগ ও প্রশংসা কুড়িয়েছে।
ইরনা'র বরাত দিয়ে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষক, কূটনীতিক, শিক্ষাবিদ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈজ্ঞানিক ও রাজনৈতিক পরিবেশে 'মেক্সিকান অ্যাসোসিয়েশন অব জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিকস'-এর ১৯৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিভিন্ন অংশে বক্তারা ইরানকে স্বাধীনতা, প্রতিরোধ এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে স্মরণ করেন। এই অনুষ্ঠানেই ইরান, লেবানন ও কিউবার জনগণকে সম্মানসূচক 'বেনিতো হুয়ারেজ' পদক দেওয়া হয়।
অনুষ্ঠান চলাকালীন ইসলামি প্রজাতন্ত্র ইরানকে বারবার এমন একটি দেশ হিসেবে উল্লেখ করা হয়, যেটি বছরের পর বছর ধরে বিদেশি চাপ ও হুমকি সত্ত্বেও তার স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে সক্ষম হয়েছে এবং স্বাধীন জাতিগুলোর জন্য একটি রোল মডেলে পরিণত হয়েছে।
'মেক্সিকান অ্যাসোসিয়েশন অব জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিকস'-এর সিনিয়র সদস্য 'কার্লোস ট্যালেন্টিনো' পশ্চিম এশিয়া অঞ্চলের উন্নয়ন এবং বৈশ্বিক শক্তিগুলোর নীতির কথা উল্লেখ করে ইরানের জনগণের প্রতিরোধের প্রশংসা করেন। তিনি বলেন, "ইরান তার সার্বভৌমত্ব অত্যন্ত চমৎকারভাবে রক্ষা করেছে এবং আমরা অত্যন্ত গর্বের সাথে এই প্রতিরোধ প্রত্যক্ষ করছি।" কার্লোস ট্যালেন্টিনো ইরানকে একটি "প্রাচীন, সাংস্কৃতিক, সভ্য এবং প্রতিরোধী" দেশ হিসেবেও বর্ণনা করেন, যা বিদেশি চাপের মুখে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পেরেছে।
মেক্সিকোর সাবেক কূটনীতিক 'লুইস গার্সিয়া হারম্যান' পরাশক্তিগুলোর হস্তক্ষেপমূলক নীতির সমালোচনা করে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আন্তর্জাতিক আইনের নীতিগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, স্বাধীন জাতিগুলো অনেক ক্ষেত্রেই আধিপত্যবাদী নীতির শিকার হয়েছে।
ইরানের জনগণকে 'বেনিতো হুয়ারেজ' পদক প্রদান আন্তর্জাতিক অঙ্গনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ঐতিহাসিক, সভ্য ও প্রতিরোধী অবস্থানের প্রতি মেক্সিকোর বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অভিজাতদের একটি অংশের শ্রদ্ধার প্রতিফলন হিসেবে বিবেচনা করা হচ্ছে; যা রাজনৈতিক ও প্রতীকী উভয় দৃষ্টিকোণ থেকেই বিশেষ গুরুত্ব বহন করে।
'বেনিতো হুয়ারেজ' ছিলেন মেক্সিকোর একজন বিখ্যাত রাষ্ট্রনায়ক, আইনজীবী ও সাবেক প্রেসিডেন্ট। তিনি ১৮৫৮ থেকে ১৮৭২ সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্ট ছিলেন এবং দেশটির ইতিহাসে জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র ও বিদেশি হস্তক্ষেপবিরোধী সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত।
'বেনিতো হুয়ারেজ' নামটি মূলত ওই ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম। তার সম্মানে মেক্সিকোতে বিভিন্ন পদক, পুরস্কার, রাস্তা, শহর ও প্রতিষ্ঠান নামকরণ করা হয়েছে।#
পার্সটুডে/এমএআর/২৯