‘হিজবুল্লাহ না থাকলে বৈরুতে পৌঁছে যেত ইসরায়েল’
-
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজেরদি
পার্সটুডে– ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজেরদি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নোয়াফ সালামের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, হিজবুল্লাহর প্রতিরক্ষামূলক ভূমিকা অস্বীকার করা মানে ইসরায়েলি সম্প্রসারণবাদী পরিকল্পনার সামনে পরাজয় মেনে নেওয়া।
বোরুজেরদি বলেন, বৈরুতের কর্মকর্তাদের উচিত অঞ্চলের বাস্তবতা সঠিকভাবে অনুধাবন করা। তার মতে, প্রতিরোধযোদ্ধাদের আত্মত্যাগ ও দৃঢ় অবস্থান না থাকলে আজ ইসরায়েলি বাহিনী বৈরুতের কেন্দ্রস্থল পর্যন্ত পৌঁছে যেত।
তিনি আরও বলেন, হিজবুল্লাহ লেবাননের পতন ঠেকানোর একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রাচীর। লেবাননের রাজনৈতিক নেতৃত্বের উচিত স্বীকার করা যে, দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ভারের একটি বড় অংশ প্রতিরোধ আন্দোলন বহন করেছে।
বোরুজেরদির মতে, লেবাননের সেনাবাহিনীর পাশাপাশি হিজবুল্লাহই দখলদারিত্বের পরিকল্পনা বাস্তবায়নের পথে প্রধান বাধা হিসেবে কাজ করছে। এই বাস্তবতাকে উপেক্ষা করা অঞ্চলটির রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ লেবাননের জনগণ ও রাষ্ট্রকাঠামোর অবিচ্ছেদ্য অংশ। এ বাস্তবতা অস্বীকার করলে তা কেবল লেবাননের শত্রুদেরই লাভবান করবে।
ইরানের এই সংসদ সদস্য আরও বলেন, ইরান সবসময় লেবাননের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে এসেছে। হিজবুল্লাহর প্রতি তেহরানের সমর্থনকে তিনি প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে বর্ণনা করে বলেন, এটি লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়; বরং আঞ্চলিক নিরাপত্তা ও মুসলিম বিশ্বের স্বার্থের সঙ্গে সম্পর্কিত একটি বিষয়।#
পার্সটুডে/এমবিএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।