বিশ্বকাপের মাঠে রাজনীতি? ইরানি সমর্থকদের প্রবেশে বাধা নিয়ে তীব্র বিতর্ক
পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র এমন স্টেডিয়ামে ইরানি সমর্থকদের প্রবেশে বাধা দিচ্ছে, যেখানে ইরান জাতীয় ফুটবল দল বিশ্বকাপ ম্যাচ খেলবে।
ফেডারেশনের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ক্রীড়ার প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে এমন সিদ্ধান্ত ও পদক্ষেপ নিচ্ছে, যার অংশ হিসেবে ২৩তম বিশ্বকাপে গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচের জন্য নির্ধারিত স্টেডিয়ামে ইরানি দর্শকদের প্রবেশে বাধা সৃষ্টি করা হচ্ছে।
ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি অংশগ্রহণকারী দেশের জন্য ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ রাখা হয়, যাতে সংশ্লিষ্ট দেশের সমর্থকরা তাদের ফুটবল ফেডারেশনের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়ায় টিকিট সংগ্রহ করতে পারে। সেই নিয়ম অনুসারে ইরানের ফুটবল ফেডারেশন তাদের প্রাপ্য কোটা পাওয়ার পর নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের বিপক্ষে ম্যাচগুলোর টিকিট তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি শুরু করে।
তবে ফেডারেশন অভিযোগ করেছে যে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র তাদের জন্য বরাদ্দকৃত এই টিকিট কোটা প্রত্যাহার করে নেয়। ফলে বর্তমান পরিস্থিতিতে ইরানি সমর্থকদের জন্য কোনো টিকিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অথচ অনেক ইরানি সমর্থক আগেই ঘোষিত নিয়ম অনুযায়ী ম্যাচ দেখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিলেন।
ইরানি ফুটবল ফেডারেশনের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার নীতিমালা এবং অংশগ্রহণকারী দেশগুলোর সমান অধিকারের পরিপন্থী। তারা মনে করে, এটি ক্রীড়ার চেতনার বিরোধী এবং আন্তর্জাতিক আসরে রাজনৈতিক হস্তক্ষেপের একটি উদাহরণ।#
পার্সটুডে/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।