ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ইরান কোনো আপস করবে না: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i160670-ক্ষেপণাস্ত্র_ও_প্রতিরক্ষা_সক্ষমতা_নিয়ে_ইরান_কোনো_আপস_করবে_না_পেজেশকিয়ান
পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতার উন্নয়ন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি সুদৃঢ় করার ওপর জোর দিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ২৪, ২০২৬ ১৫:০৬ Asia/Dhaka
  • বৈঠকে মাসুদ পেজেশকিয়ান ও শাহবাজ শরীফ
    বৈঠকে মাসুদ পেজেশকিয়ান ও শাহবাজ শরীফ

পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতার উন্নয়ন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি সুদৃঢ় করার ওপর জোর দিয়েছেন।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠকে ইরানি জাতির বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন ও ইহুদিবাদী (ইসরায়েলি) চাপিয়ে দেওয়া যুদ্ধের কথা উল্লেখ করে বলেন: "কোনো নিয়ম বা কাঠামোর ভিত্তিতেই তারা ইরানের ওপর হামলা চালাতে পারত না, তা সত্ত্বেও তারা ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। এই হামলায় পরম শ্রদ্ধেয় সর্বোচ্চ নেতা ছাড়াও সামরিক কমান্ডার, উচ্চপদস্থ কর্মকর্তা এবং ১৬৮ জন নিষ্পাপ শিশুসহ বিপুল সংখ্যক সাধারণ নাগরিক ও বেসামরিক মানুষকে শহীদ করা হয়েছে।"

পেজেশকিয়ান আরও বলেন: "যারা এই অপরাধগুলো ঘটিয়েছে, তারা মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে গণতন্ত্রের বুলি আওড়ায়। আজ অন্য যেকোনো সময়ের চেয়ে এটি বেশি প্রমাণিত হয়েছে যে, এই অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার প্রধান মূল কারণ হলো ইহুদিবাদী রাষ্ট্র।"

ইরানের প্রেসিডেন্ট বলেন: "তারা অবকাঠামো ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর মতো কাপুরুষোচিত পদক্ষেপের মাধ্যমে ইরানকে পঙ্গু ও নতজানু করার চেষ্টা করেছিল। কিন্তু ইরানি জনগণের অভূতপূর্ব প্রতিরোধের মুখে তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।"

আগামী দিনের আলোচনাগুলোতে ইরান তার শক্তির উপাদানগুলোর ওপর অটল থাকবেতা জোর দিয়ে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন: "ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতেও হবে না। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না, কারণ আমরা যখন দু-দুবার আলোচনার পথে ছিলাম, ঠিক তখনই আমাদের ওপর আক্রমণ করা হয়েছে। তা সত্ত্বেও, আমরা সবসময় সংলাপ ও শান্তির জন্য প্রস্তুত ছিলাম এবং আছি। ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই কোনো অবৈধ ও অমানবিক দাবির মুখে মাথা নত করবে না।"

প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তি দেন যে, দেশের শক্তিশালী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারই ইরানকে গাজার মতো ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করেছে। তিনি বলেন, "নিজেদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র যদি আমরা তৈরি না করতাম, তবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বৃদ্ধ বা শিশু কারো প্রতিই কোনো দয়া দেখাত না এবং দেশকে ধ্বংস করে দিত।"

মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে পেজেশকিয়ান বলেন: "মুসলিম দেশগুলোর ঐক্যই বিভেদ সৃষ্টিকারী ষড়যন্ত্র মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।"

করমর্দন করছেন মাসুদ পেজেশকিয়ান ও শাহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান ও সক্ষমতার কথা উল্লেখ করে বলেন: "ইরান ও পাকিস্তানের মধ্যে আজ ইতিহাসের সেরা সম্পর্ক বিদ্যমান। ইরানের সাহসী ও জ্ঞানী জনগোষ্ঠী, এ দেশের তরুণ সমাজ, তাদের বিচক্ষণ নেতৃত্ব এবং মূল্যবান সম্পদ ইরানকে গৌরব ও অগ্রগতির শিখরে নিয়ে যেতে পারে।"

দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন: "ইরান ও পাকিস্তানের মধ্যকার ইস্পাতকঠিন বন্ধুত্বের কারণে আমাদের সুখ-দুঃখ একে অপরের সুতোয় বাঁধা।"

শাহবাজ শরীফ আরও বলেন যে, ইরানিরা হাজার বছরের প্রাচীন এক সভ্যতার উত্তরাধিকারী। যদিও এই যুদ্ধ কিছু অবকাঠামোর ক্ষতি করেছে, তবুও ইরান একটি মহান দেশ এবং প্রভাবশালী শক্তি হিসেবে টিকে রয়েছে।

যুদ্ধোত্তর পরিস্থিতিতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে শাহবাজ শরিফ বলেন, পূর্বে দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা ১০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হলেও, বর্তমান প্রেক্ষাপটে তা বার্ষিক ৩০ বিলিয়ন ডলারে উন্নীত করা উচিত। নতুন বাণিজ্যিক ও ট্রানজিট রুট তৈরি, আধুনিক কাস্টমস ক্লিয়ারেন্স এবং ব্যাংকিং সম্পর্ক জোরদার করার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।#

পার্সটুডে/এমএআর/২৪