গোল বাতিল, জয় হাতছাড়া; তবুও নকআউট আশায় ইরান
https://parstoday.ir/bn/news/iran-i160782-গোল_বাতিল_জয়_হাতছাড়া_তবুও_নকআউট_আশায়_ইরান
সিয়াটলে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইরান।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
জুন ২৭, ২০২৬ ১২:১১ Asia/Dhaka
  • গোল বাতিল, জয় হাতছাড়া; তবুও নকআউট আশায় ইরান

সিয়াটলে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইরান।

টানা তিন ম্যাচে ড্র করে অপরাজিত থাকলেও সরাসরি নকআউট পর্বে উঠতে পারেনি আমির কালেনোয়ির দল। এখন সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় জায়গা করে নেওয়ার আশায় অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে টিম মেল্লিকে।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ইরান। পঞ্চম মিনিটে মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় মিশর। তবে দ্রুতই ম্যাচে ফেরে ইরান। ১০ মিনিটে পেনাল্টি পেলেও মেহদি তারেমির শট ঠেকিয়ে দেন মিশরীয় গোলরক্ষক মোস্তফা শুবাইর।

পেনাল্টি মিসের হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৪ মিনিটে মিলাদ মোহাম্মাদির শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে গোল করে সমতা ফেরান রমিন রেজায়িয়ান। প্রথমার্ধের বাকি সময় দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে মিশর বলের দখলে এগিয়ে থাকলেও ইরানও পাল্টা আক্রমণে সুযোগ খুঁজতে থাকে। ম্যাচের শেষ দিকে নাটকীয়তা চরমে পৌঁছে। ৮৮ মিনিটে তারেমির হেড পোস্টে লাগে। এরপর যোগ করা সময়ে শোজা খালিলজাদের করা গোল অফসাইডের কারণে বাতিল হয়।

এতেই শেষ নয়। ৯৭ মিনিটে আলিরেজা জাহানবাখশের নিখুঁত ক্রস থেকে সাঈদ ইজাতোল্লাহির হেডও পোস্টে আঘাত করে ফিরে আসে। ফলে জয়ের খুব কাছাকাছি গিয়েও মাত্র এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় ইরানকে।

ম্যাচ শেষে তিন ড্র ও তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে ইরান। অন্যদিকে পাঁচ পয়েন্ট নিয়ে বেলজিয়াম ও মিশর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে সরাসরি নকআউট পর্বে উঠে গেছে।

ম্যাচসেরা রামিন রেজায়িয়ান

রমিন রেজায়িয়ান 

ইরানের একমাত্র গোলদাতা রমিন রেজায়িয়ান দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ডান প্রান্তে আক্রমণ ও রক্ষণে সমান কার্যকর ভূমিকা রেখে দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন তিনি।

ইরান কীভাবে পরবর্তী রাউন্ডে উঠতে পারে?

বর্তমানে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে অবস্থান করছে ইরান। তাই নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনো বেশ উজ্জ্বল। ইরানের বিদায় নিশ্চিত হবে শুধুমাত্র তখনই, যদি আগামী ম্যাচগুলোতে তিনটি নির্দিষ্ট ফল একসঙ্গে ঘটে: ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়া অন্তত এক পয়েন্ট পায়, উজবেকিস্তান কঙ্গোর কাছে হেরে যায় এবং অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচ ড্র হয়। এই তিনটি শর্ত একসঙ্গে পূরণ না হলে ইরান সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেবে। ফলে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন এখনো বেঁচে রয়েছে টিম ইরানের সামনে।#

পার্সটুডে/এমএআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।