সাম্প্রতিক চুক্তি ইরানের জনগণের প্রতিরোধের ফসল: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i160860-সাম্প্রতিক_চুক্তি_ইরানের_জনগণের_প্রতিরোধের_ফসল_পেজেশকিয়ান
পার্সটুডে: সম্প্রতি ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা শোবেইরি জানজানির সাথে এক বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুদের সব চক্রান্ত নস্যাৎ করে দিয়ে তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই চুক্তিটি ইরানের জনগণের জন্য একটি বড় বিজয়।
(last modified 2026-06-29T10:58:16+00:00 )
জুন ২৯, ২০২৬ ১৬:৫৫ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা শোবেইরি জানজানির সাথে বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    আয়াতুল্লাহিল উজমা শোবেইরি জানজানির সাথে বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে: সম্প্রতি ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা শোবেইরি জানজানির সাথে এক বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুদের সব চক্রান্ত নস্যাৎ করে দিয়ে তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই চুক্তিটি ইরানের জনগণের জন্য একটি বড় বিজয়।

আইআরআইবি নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কোম প্রদেশে তাঁর সফরের অংশ হিসেবে শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা শোবেইরি জানজানির সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এই বৈঠকে সাম্প্রতিক মাসগুলোর নানা ঘটনা ও পরিবর্তনের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান শত্রুদের চাপ ও হুমকির মুখে ইরানের জনগণের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, "সাম্প্রতিক যুদ্ধে শত্রুরা আমাদের মহান নেতা (আয়াতুল্লাহ খামেনেয়ী), মন্ত্রী, সামরিক কমান্ডার, বেশ কয়েকজন বুদ্ধিজীবী এবং এমনকি স্কুলশিক্ষার্থীদেরও শহীদ করেছে। এত কিছুর পরও ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী এবং সরকার অত্যন্ত দক্ষতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে রক্ষা করেছে এবং শত্রুদের লক্ষ্য পূরণ হতে দেয়নি।"

তিনি আরও উল্লেখ করেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল ইরানে অস্থিতিশীলতা তৈরির জন্য তাদের সব ধরনের সক্ষমতা ব্যবহার করেছিল। তিনি বলেন, "তাদের ধারণা ছিল অর্থনৈতিক চাপ সৃষ্টি করে এবং অভ্যন্তরীণ পরিস্থিতি বিঘ্নিত করে তারা ইরানকে ভেঙে ফেলতে পারবে। কিন্তু ইরানের জনগণ মাঠে থেকে দেশকে সমর্থন দিয়ে তাদের সেই হিসাব-নিকাশ নস্যাৎ করে দিয়েছে এবং মহান আল্লাহও ইরানের জনগণকে সাহায্য করেছেন।"

সম্ভাব্য চাপ ও বিশেষ পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের আগাম প্রস্তুতির কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, "শত্রুরা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, যেমন—বিভিন্ন কারখানা, গ্যাস উৎপাদন কেন্দ্র ও খনি, ইস্পাত ও পেট্রোকেমিক্যাল শিল্পকে লক্ষ্যবস্তু বানিয়ে দেশের উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। এছাড়া তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তারা দেশে বেকারত্ব তৈরি এবং অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করতে চেয়েছিল। কিন্তু দেশের অগ্রগতি ও গৌরবের পথ সচল রাখতে ইরানের জনগণের দৃঢ় ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছাই শেষ পর্যন্ত জয়ী হয়েছে।"

সাম্প্রতিক চুক্তিটিকে ইরানের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করে পেজেশকিয়ান বলেন, "এই চুক্তিটি ইরানের মানুষের জন্য একটি বড় বিজয়। এর আওতায় ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।"

বৈঠকে আয়াতুল্লাহিল উজমা শোবেইরি জানজানি সাম্প্রতিক হুমকি ও আগ্রাসনের মুখে ইরানের জনগণের এই প্রতিরোধকে ঐশী সাহায্য ও আল্লাহর বিশেষ অনুগ্রহের ফল বলে অভিহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, "আল্লাহর এই সাহায্য ও রহমত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

শত্রুদের হিসাব-নিকাশের কথা উল্লেখ করে এই শীর্ষ ধর্মীয় নেতা বলেন, "তাদের ধারণা ছিল তারা মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের কাজ শেষ করে দেবে। কিন্তু আজ ইরান অত্যন্ত শক্তিশালীভাবে টিকে আছে। এই টিকে থাকা এবং দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে এমন এক স্তরের সাহায্য, যা সাধারণ মানুষের চিন্তাশক্তি দিয়ে পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়।"

পার্সটুডে/এমএআর/২৯