তেহরানের মুসাল্লায় ইরানের শহীদ সবোর্চ্চ নেতার স্মরণে শোকসভা অনুষ্ঠিত
পার্সটুডে- ইসলামী ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর স্মরণে তেহরানের ইমাম খোমেনি (রহ.) মুসাল্লায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ, শহীদ নেতার সন্তানরা, রাষ্ট্রের তিন অঙ্গের প্রধান এবং বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ীর উদ্যোগে শহীদ নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেহরানের ইমাম খোমেনি (রহ.) মুসাল্লার প্রধান হলে অনুষ্ঠিত এই স্মরণসভায় হাজারো মানুষ, শহীদ পরিবারের সদস্যরা, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের প্রধান, বেসামরিক ও সামরিক কর্মকর্তারা, পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় পতাকা, শহীদ নেতার ছবি এবং "আমরা সবাই শহীদের রক্তের বদলা চাই", "শহীদের পথ চলমান", "শহীদদের রক্তের প্রতিশোধ অবশ্যম্ভাবী"—এমন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। তারা শত্রুদের মোকাবিলায় দৃঢ় অবস্থান এবং মর্যাদা, প্রতিরোধ ও ইসলামী বিপ্লবের পথ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শহীদ নেতার পুত্র আয়াতুল্লাহ সাইয়্যেদ মোস্তফা হোসেইনি খামেনেয়ী বলেন, ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ইরান ও ইরাকের জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।তিনি বলেন, "ইরানের প্রিয় জনগণ তাদের অসাধারণ বিশ্বস্ততা ও দূরদর্শিতার মাধ্যমে এমন এক দৃশ্য সৃষ্টি করেছেন, যা শত্রুদের জন্য অত্যন্ত ভারী ও অসহনীয় ছিল। তেহরান, কোম, মাশহাদ এবং সারা দেশে কোটি মানুষের উপস্থিতির গভীর তাৎপর্য রয়েছে, যার কল্যাণকর ফল আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রত্যক্ষ করব।"
আয়াতুল্লাহ সাইয়্যেদ মোস্তফা হোসেইনি খামেনেয়ী আরও বলেন, "আমি ইরাক সরকার ও সে দেশের জনগণের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের বিশ্বস্ততা ও প্রজ্ঞা নজাফ, কারবালা এবং নজাফ-কারবালা পথজুড়ে এক অসাধারণ দৃশ্যের জন্ম দিয়েছে।"তিনি বলেন, "প্রকৃত ধৈর্যের অর্থ হলো—এই মহাবিপর্যয়কে এমনভাবে সহ্য করা, যাতে আমরা দৃঢ়তা ও সঠিক পথে আমাদের যাত্রা অব্যাহত রাখতে পারি এবং চূড়ান্ত লক্ষ্য অর্জন পর্যন্ত এগিয়ে যেতে পারি। তাই ধৈর্য কোনোভাবেই এই জঘন্য অপরাধে জড়িত দুষ্টু শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ বা ব্যবস্থা নেওয়ার সঙ্গে সাংঘর্ষিক নয়।"#
পার্সটুডে/এস এ/ ১৫