ইরাকের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i162266-ইরাকের_নিরাপত্তা_ও_ভৌগোলিক_অখণ্ডতার_প্রতি_সমর্থন_পুনর্ব্যক্ত_করলেন_আরাকচি
পার্সটুডে: ইরাকের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিগত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
(last modified 2026-08-18T04:42:09+00:00 )
আগস্ট ১৮, ২০২৬ ১০:৩৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি ও  ফুয়াদ হুসেইন
    সাইয়্যেদ আব্বাস আরাকচি ও ফুয়াদ হুসেইন

পার্সটুডে: ইরাকের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিগত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচির সঙ্গে ফোনে আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি এবং দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

ফোনালাপে আরাকচি ইরাকের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইরানের নীতিগত অবস্থান তুলে ধরেন। তিনি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে ক্ষতি করতে পারে এমন যেকোনো ষড়যন্ত্রের ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান।

দুই মন্ত্রী অভিন্ন সীমান্তের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। সীমান্তে যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকি ঠেকাতে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপরও তারা গুরুত্ব দেন।

এদিকে, আরাকচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও ফোনে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানের সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নিরাপদ ও উপযুক্ত পথ নির্ধারণ নিয়ে চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, এই প্রক্রিয়া অব্যাহত রাখার ব্যাপারে ইরান দৃঢ়প্রতিজ্ঞ।

দুই পক্ষ আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি ও চলমান কূটনৈতিক তৎপরতা পর্যালোচনা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, উত্তেজনা আরও বাড়তে না দেওয়া এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়েও তারা মতবিনিময় করেন।#

পার্সটুডে/এমএআর/১৮