‘আমেরিকাকে আবার ক্ষুধার্ত করুন’: ট্রাম্পকে কলিবফের কটাক্ষ
-
স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
পার্সটুডে-ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ ইরানকে পরাজিত করা এবং দেশটির জনগণকে ক্ষুধার্ত করে দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে তীব্র কটাক্ষ করেছেন।
সোমবার এক্সে কলিবফ লিখেছেন, 'আমেরিকাকে আবার ক্ষুধার্ত বানাও'-মিথ্যা দাবি দিয়ে পরাজয় ঢেকে রাখা যায় না।
সম্প্রতি ইরানি ও ইরাকি ব্যবসায়ীদের উদ্দেশে কলিবফের দেওয়া একটি বক্তব্যের সম্পাদিত ও প্রেক্ষাপট-বিচ্ছিন্ন অংশ ট্রাম্প পুনরায় পোস্ট করার পর তিনি এ মন্তব্য করেন। সম্পাদিত ভিডিওতে কলিবফকে বলতে দেখা যায়-“আমরা ক্ষুধার্ত এবং আমাদের প্রতিরোধ করার সক্ষমতা নেই।”
তবে পুরো বক্তব্যে কলিবফ সম্পূর্ণ ভিন্ন বার্তা দিয়েছিলেন। তিনি জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক শক্তিকে পরস্পর নির্ভরশীল হিসেবে তুলে ধরে বলেন, “যেভাবে উড়তে দুটি ডানা প্রয়োজন, তেমনি নিরাপত্তা ও অর্থনৈতিক শক্তি-দুটিই একইসঙ্গে বজায় রাখতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক উপায়ে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এখন 'মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক যুদ্ধের' দিকে ঝুঁকেছে। এই ফ্রন্টে ব্যবসায়ী ও অর্থনৈতিক নেতৃত্বকে ‘সৈনিক ও কমান্ডার’ হিসেবে উল্লেখ করে কলিবফ বহিরাগত চাপ মোকাবিলায় অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
‘৪ কোটি ৭০ লাখ আমেরিকান ক্ষুধার্ত’
ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করতে গিয়ে কলিবফ যুক্তরাষ্ট্রের খাদ্য-নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে একটি ইনফোগ্রাফিক শেয়ার করেন।
ইনফোগ্রাফিকে বলা হয়, “৪ কোটি ৭০ লাখ আমেরিকান ক্ষুধার্ত, আর এই পরিসংখ্যান আপনার বক্তব্যের মতো মিথ্যা নয়।” এতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে প্রতি আটজনের একজন খাদ্য-নিরাপত্তাহীনতার সমস্যায় ভুগছেন।#
পার্সটুডে/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন