কোনো সামরিক জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না
হরমুজ প্রণালি পুনরায় চালু করা ইরানের শর্তাবলির পূর্ণ বাস্তবায়নের ওপর নির্ভরশীল: গরিবাবাদি
-
• ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী গারিবাবাদি
পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে রয়েছে জানিয়ে জোর দিয়ে বলেছেন: এই জলপথটি পুনরায় চালু করা কেবল তখনই সম্ভব হবে যদি যুক্তরাষ্ট্রের লঙ্ঘিত প্রতিশ্রুতিগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয় এবং ইরানের এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, কাজেম গারিবাবাদি, একটি অস্থায়ী যৌথ সামুদ্রিক করিডোর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে হওয়া সমঝোতার কথা উল্লেখ করে মঙ্গলবার রাতে ইরান টেলিভিশনের একটি বিশেষ সংবাদ টক শো-তে বলেন: এই সমঝোতাটি হরমুজ প্রণালি পুনরায় চালু করার নিশ্চয়তা দেয় না এবং এটি কেবল একটি প্রযুক্তিগত কাঠামো, যা ইরানের শর্তাবলি বাস্তবায়িত হলে ভবিষ্যতে এই জলপথটি পরিচালনার জন্য ব্যবহৃত হবে। তিনি বলেন, হরমুজ প্রণালির দক্ষিণের পথটি, যা ওমানের অভ্যন্তরীণ জলসীমায় অবস্থিত এবং যুক্তরাষ্ট্র যেটি খোলার চেষ্টা করেছিল, তা বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন: "ইরানের সশস্ত্র বাহিনী এই পথ দিয়ে কোনো জাহাজকে যেতে দেয় না এবং এই পথটি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হবে।" ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন: ওমানের সঙ্গে নতুন সমঝোতা অনুযায়ী, পারস্য উপসাগরে প্রবেশ সম্পূর্ণভাবে ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে হবে এবং প্রস্থানের পথের একটি অংশও ইরানের জলসীমার মধ্যে থাকবে। এছাড়াও, কোনো সামরিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না এবং এই পথটি শুধুমাত্র বাণিজ্যিক জাহাজের জন্য নির্ধারিত।
ইসলামাবাদ সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্রের লঙ্ঘিত প্রতিশ্রুতির কথা উল্লেখ করে গারিবাবাদি বলেন: যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে, যার মধ্যে রয়েছে সকল ফ্রন্টে যুদ্ধের অবসান, অর্থনৈতিক অবরোধ সম্পূর্ণরূপে তুলে নেওয়া, জব্দকৃত তহবিল ছাড় করা, ইরানের বিরুদ্ধে হুমকি বন্ধ করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি ইরান ও ওমানের অন্তর্ভুক্ত এবং এর জন্য যেকোনো টোল ও ব্যবস্থা অবশ্যই দুই দেশের মধ্যে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে এবং ইরানের সার্বভৌম অধিকার বিবেচনায় রেখে নির্ধারণ করতে হবে। গারিবাবাদি আরও বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বদা জোর দিয়ে এসেছে যে, এই জলপথের ব্যবহার যেন ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি না করে এবং জাহাজ চলাচল অবশ্যই ইরান কর্তৃক ঘোষিত বিধিমালা সম্পূর্ণরূপে মেনে চলতে হবে।#
পার্সটুডে/এমআরএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন