ইরানের জনগণের ঐক্যের কাছে শত্রু পরাজিত হয়েছে: পেজেশকিয়ান
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন,শত্রুরা ভুল হিসাব করেছিল।
তিনি বলেন: শত্রুরা ভেবেছিল ইরানে অস্থিরতা সৃষ্টি করে এবং একটি বড় ধরনের হামলা চালিয়ে দেশটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া সম্ভব হবে। কিন্তু সমাজে বিদ্যমান ঐক্য ও সংহতির কারণে তা ঘটেনি।
ইরানের প্রেসিডেন্ট মঙ্গলবার রাতে ইরানের কৃতিত্বপূর্ণ কিশোর ও তরুণদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে বলেন, শত্রুরা ইরানে বিভেদ ও দ্বন্দ্ব সৃষ্টি করতে চেয়েছিল। তিনি বলেন, আজ যুদ্ধের ধরন পরিবর্তিত হয়েছে। শত্রুরা বুঝতে পেরেছে যে সামরিক উপায়ে ইরানের জনগণকে আত্মসমর্পণ করানো বা পরাজিত করা সম্ভব নয়। তাই তারা সামাজিক সমস্যা ও অর্থনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
পেজেশকিয়ান বলেন, অর্থনৈতিক চাপ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও শত্রুদের অন্যতম কৌশল। তবে সমস্যার কাছে আমাদের নতি স্বীকার করা যাবে না। বরং সমস্যার মোকাবিলার পথ খুঁজে বের করতে হবে এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে ইরানকে সমৃদ্ধ করে তুলতে হবে।
তিনি আরও বলেন, শত্রুরা হিসাব করেছিল যে প্রথমে দেশে অস্থিরতা সৃষ্টি করে এবং এরপর কয়েক দিনের মধ্যে একটি বড় হামলা চালিয়ে ইরানকে ভেঙে ফেলা সম্ভব হবে। কিন্তু সমাজে বিদ্যমান ঐক্য ও সংহতির কারণে তাদের সেই পরিকল্পনা সফল হয়নি। এখনো আমাদের পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা প্রয়োজন। এ ক্ষেত্রে বুদ্ধিজীবী ও বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।#
পার্সটুডে/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন