'পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচী আবারো শুরু করতে পারে ইরান'
গত বছর ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝেোতা বাস্তবায়ন করতে আমেরিকা অব্যাহতভাবে অবহেলা করলে তার দেশ পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচী আবারো চালু করতে পারে বলে জানিয়েছেন ইরান সংসদ পরিচালক বোর্ডের মুখপাত্র বেহরুজ নেমাতি।
আজ (মঙ্গলবার) ইরানের আইআরআইবি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, পরমাণু সমঝোতা বা জেসিপিওএ’র প্রতিশ্রুতি পালন করতে আমেরিকা ব্যর্থ হলে তা হবে সমঝোতা বিরোধী কর্মকাণ্ড। তিনি বলেন, 'জেসিপিওএ একটি ব্যাপক ভিত্তিক সমঝোতা। আমেরিকা যদি এটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করে তাহলে আমরাও অনুরূপ ব্যবস্থা নেব।'
তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা দাবি করেন যে, তারা তাদের প্রতিশ্রুতি পালন করেছেন। তবে তাদের কর্মকাণ্ডে সেটি সমর্থন করে না করে না বলে অভিযোগ করেন তিনি।
ইরানের এই আইনপ্রণেতা বলেন, জেসিপিওএ বাস্তবায়নের সময় প্রায় ছয় মাস অতিক্রম করলেও ইরানের সঙ্গে ছোট ব্যাংকগুলোর সীমিত লেনদেন ব্যতিত বড় বড় ব্যাংকগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা থেকে বিরত রয়েছে। নেমাতি বলেন, ইরান আশা করে যে, ছয় জাতিগোষ্ঠীর দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়ন করবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকাল বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা প্রমাণ করে যে শত্রুদেরকে বিশ্বাস করা যায় না। এর একদিন পর ইরানের এই আইনপ্রণেতার বক্তব্য এলো।#
পার্সটুডে/বাবুল আখতার/২