হরমুজ প্রণালি ২৮ ফেব্রুয়ারির আগের অবস্থায় ফিরে যাবে না: আরাকচি
-
বৈঠকের ছবি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালির অবস্থাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর সামরিক আগ্রাসনের ফল বলে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, বিদ্যমান বাস্তবতা এবং ইরানের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ও ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় না নিয়ে ২৮ ফেব্রুয়ারির আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার কথা বলা সম্ভব নয়।
পার্সটুডের প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আলে-থানি তেহরান সফর এসেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন।
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উত্তেজনা কমাতে আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর অব্যাহত ভূমিকার প্রশংসা করে বলেন, বর্তমান পরিস্থিতি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর সামরিক আগ্রাসনের ফল। পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত হস্তক্ষেপমূলক ও বেআইনি পদক্ষেপ, বিশেষ করে নৌ অবরোধ ও অর্থনৈতিক সন্ত্রাসও এ পরিস্থিতির জন্য দায়ী।
বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দোহার নীতিগত অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি উত্তেজনা ও অনিরাপত্তা কমাতে পারস্পরিক আলোচনা ও পরামর্শ অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন