আইএইএ'র গভর্নরস কাউন্সিলে পশ্চিমাদের তৎপরতা ‘স্ন্যাপব্যাকের ভ্রান্ত ধারণার’ ব্যর্থতার প্রমাণ: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i162796-আইএইএ'র_গভর্নরস_কাউন্সিলে_পশ্চিমাদের_তৎপরতা_স্ন্যাপব্যাকের_ভ্রান্ত_ধারণার’_ব্যর্থতার_প্রমাণ_ইরান
পার্সটুডে- ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে ইরানের প্রতিনিধিদল বলেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গভর্নরস কাউন্সিলে যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের নতুন একটি প্রস্তাব পেশের প্রচেষ্টা ‘স্ন্যাপব্যাকের ভ্রান্ত ধারণার’ সম্পূর্ণ ব্যর্থতার প্রমাণ।
(last modified 2026-09-05T13:45:10+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৬ ১৫:৪৭ Asia/Dhaka
  • আইএইএ'র গভর্নরস কাউন্সিলে পশ্চিমাদের তৎপরতা ‘স্ন্যাপব্যাকের ভ্রান্ত ধারণার’ ব্যর্থতার প্রমাণ: ইরান

পার্সটুডে- ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে ইরানের প্রতিনিধিদল বলেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গভর্নরস কাউন্সিলে যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের নতুন একটি প্রস্তাব পেশের প্রচেষ্টা ‘স্ন্যাপব্যাকের ভ্রান্ত ধারণার’ সম্পূর্ণ ব্যর্থতার প্রমাণ।

পার্সটুডে-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েনায় ইরানের প্রতিনিধিদল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় লিখেছে, “যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশ আবারও আইএইএর গভর্নরস কাউন্সিলে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পেশ করতে চায় এবং তাদের দাবি অনুযায়ী ইরানের পরমাণু ইস্যুটি নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠাতে চায়।”

বার্তায় আরও বলা হয়, “মনে হচ্ছে, তারাও এখন স্ন্যাপব্যাক এবং ইরানের পরমাণু ইস্যুকে নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে ফিরিয়ে নেওয়ার বিষয়টিকে বিশ্বাস করে না—যদিও এই পদক্ষেপ তারা এর আগে নিয়েছিল এবং ব্যাপক প্রচারও চালিয়েছিল।”

ইরানের প্রতিনিধিদল আরও বলেছে, “এই পদক্ষেপ স্ন্যাপব্যাক নিয়ে তাদের ভ্রান্ত ধারণার সম্পূর্ণ ব্যর্থতার প্রমাণ।”

ইরানি প্রতিনিধিদল জোর দিয়ে বলেছে, “তাদের এই নতুন মরিয়া প্রচেষ্টাতেও কোনো লাভ হবে না।”

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আইএইএর গভর্নরস কাউন্সিলের ত্রৈমাসিক বৈঠক আগামী সোমবার শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, যুক্তরাষ্ট্র এবং তিন ইউরোপীয় দেশ—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি—আসন্ন আইএইএর গভর্নরস কাউন্সিলের বৈঠকে এমন একটি প্রস্তাব পাস করানোর চেষ্টা করছে, যার মাধ্যমে ইরানের পরমাণু ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ সদস্যের আইএইএ গভর্নরস কাউন্সিলের অন্যান্য সদস্যের সমর্থন আদায়ের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ট্রয়কা, যাতে প্রস্তাবটি পাস করানো যায়।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।