ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপকারীরা হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে না
-
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি।
পার্সটুডে: ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশন ‘হরমুজ প্রণালীর নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিতকরণে কৌশলগত পদক্ষেপ’ শীর্ষক প্রস্তাবের ৯ নম্বর ধারা অনুমোদন করেছে। এতে বলা হয়েছে, যেসব দেশ, ব্যক্তি বা প্রতিষ্ঠান ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করবে কিংবা শত্রুতামূলক পদক্ষেপ নেবে, তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অধিকার হারাবে।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি জানান, রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে প্রস্তাবটির ওপর আলোচনা অব্যাহত থাকে। বৈঠকে সংসদ সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ সময় প্রস্তাবটির ৯ নম্বর ধারা অনুমোদন করা হয়।
তিনি বলেন, অনুমোদিত ধারাটি অনুযায়ী, যেকোনো দেশ অথবা ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করলে কিংবা শত্রুতামূলক কোনো পদক্ষেপ নিলে, তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচল নিষিদ্ধ করা হবে।
কাশকাভি আরও বলেন, সংশ্লিষ্ট দেশ বা প্রতিষ্ঠানের জাহাজ এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট পণ্যবাহী চালানেরও হরমুজ প্রণালী দিয়ে চলাচল নিষিদ্ধ হবে। এ নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে কারা শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে বা কারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা নির্ধারণের জন্য দুটি কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ শত্রুতামূলক কর্মকাণ্ড নির্ধারণের দায়িত্ব পালন করবে। আর কোন দেশ বা প্রতিষ্ঠান ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে কিংবা ইরানের সম্পদ জব্দ বা অবরুদ্ধ করেছে, তা নির্ধারণ করবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
পার্সটুডে/এমবিএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।