বিশ্লেষণ | ইরানি তেলবাহী জাহাজে কেন হামলা চালায় আমেরিকা?
https://parstoday.ir/bn/news/iran-i162970-বিশ্লেষণ_ইরানি_তেলবাহী_জাহাজে_কেন_হামলা_চালায়_আমেরিকা
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আত্মরক্ষার স্বাভাবিক ও বৈধ অধিকার প্রয়োগে ইরানের সশস্ত্র বাহিনী কোনো দ্বিধা করবে না এবং শত্রুর যেকোনো সামরিক আগ্রাসনের যথাযথ ও দৃঢ় জবাব দেওয়া হবে।
(last modified 2026-09-10T05:20:41+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১০:৪১ Asia/Dhaka
  • ইরানি জাহাজে মার্কিন হামলা
    ইরানি জাহাজে মার্কিন হামলা

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আত্মরক্ষার স্বাভাবিক ও বৈধ অধিকার প্রয়োগে ইরানের সশস্ত্র বাহিনী কোনো দ্বিধা করবে না এবং শত্রুর যেকোনো সামরিক আগ্রাসনের যথাযথ ও দৃঢ় জবাব দেওয়া হবে।

ইরানি তেলবাহী জাহাজে মার্কিন সেনাবাহিনীর হামলা নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি দেশটির প্রতিরক্ষা নীতির একটি স্পষ্ট নিয়ম তুলে ধরেছে—ইরানের স্বার্থের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন জবাবহীন থাকবে না।

পারস্য উপসাগর ও ওমান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলাকে কোনো সীমিত সামুদ্রিক অভিযান হিসেবে দেখছে না তেহরান, বরং গত কয়েক বছর ধরে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং ইরানের তেল রপ্তানিতে চাপ সৃষ্টির মাধ্যমে ওয়াশিংটন যে নীতি অনুসরণ করে আসছে, এই হামলা তারই ধারাবাহিকতা। তবে এবার গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, অর্থনৈতিক চাপের সঙ্গে ইরানের বাণিজ্য ও জ্বালানি খাতের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপও যুক্ত হয়েছে।

ইরানি তেলবাহী জাহাজ দেশটির অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই তেহরানের দৃষ্টিতে এসব জাহাজে হামলা ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ঠিক এই বিষয়টির ওপর জোর দিয়ে মার্কিন কর্মকাণ্ডকে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসন, সামুদ্রিক অবরোধ ও অর্থনৈতিক যুদ্ধের অংশ হিসেবে অভিহিত করেছে।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অর্থনৈতিক যুদ্ধ এবং বাণিজ্য ও জ্বালানি খাতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে আলাদা করে দেখার সুযোগ নেই। কারণ, যখন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি ও বাণিজ্য বন্ধ করতে সামরিক শক্তি ব্যবহার করে, তখন এর জবাবও কেবল কূটনৈতিক বা অর্থনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ না থেকে সামরিক ক্ষেত্রেও গড়াতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো এবং আগ্রাসী মার্কিন নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করার অধিকার রয়েছে তেহরানের।

বিবৃতির এই অংশটি মূলত ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের প্রতি একটি কৌশলগত বার্তা: ইরানের বিরুদ্ধে কোনো আঞ্চলিক দেশের ভূখণ্ড, ঘাঁটি বা সামরিক স্থাপনা ব্যবহার করে অভিযান চালানো হলে তেহরান সেই কর্মকাণ্ডের দায় মূল হোতা ও সহায়তাকারীদের ওপর বর্তাবে বলে মনে করে। এই অবস্থান পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সমীকরণকে গুরুতর চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় বিস্তৃত সামরিক ঘাঁটি, সেনা ও সামরিক সরঞ্জামের নেটওয়ার্ক গড়ে তুলেছে। দ্রুত প্রতিক্রিয়া ও প্রতিরোধ ক্ষমতা তৈরিতে এসব স্থাপনাকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।

কিন্তু ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের পরিস্থিতিতে এই বিস্তৃত নেটওয়ার্কই যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তুর তালিকায় পরিণত হচ্ছে।। সামরিক ঘাঁটি ও সহায়তা কেন্দ্র যত বেশি হবে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দুর্বলতার ভৌগোলিক পরিসরও তত বিস্তৃত হবে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহির সতর্কবার্তাতেও একই বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে। তিনি বলেছেন, ইরানের তেলবাহী জাহাজে হামলা হলে এর জবাবে ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।

তেহরানের বার্তা হলো—ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আচরণ থেকে দেশটির সেনা ও সামরিক ঘাঁটির নিরাপত্তাকে আলাদা করে দেখা যাবে না। ওয়াশিংটন যদি ইরানের বাণিজ্যিক নিরাপত্তাকে লক্ষ্যবস্তু করে, তাহলে ইরানও আঞ্চলিক মার্কিন সামরিক অবকাঠামোর নিরাপত্তাকে তার পাল্টা জবাবের সমীকরণের অংশ হিসেবে বিবেচনা করবে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ সনদ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবের দায়িত্বের বিষয়টি উল্লেখ করে দেখিয়েছে যে, তেহরান এসব হামলাকে আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেও নথিভুক্ত করতে চাইছে।

সশস্ত্র আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার জাতিসংঘ সনদের অন্যতম মৌলিক নীতি। ইরানও এই নীতির ভিত্তিতে নিজের সম্ভাব্য সামরিক পদক্ষেপকে আগ্রাসনের জবাব হিসেবে মনে করে।

তেলবাহী জাহাজ নিয়ে এই সংঘাত কেবল একটি সামুদ্রিক মুখোমুখি অবস্থান নয়। ইরানি জাহাজে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপকে নতুন পর্যায়ে নিয়ে যেতে চেয়েছে। কিন্তু একই সঙ্গে এই পদক্ষেপের সামরিক মূল্য যুক্তরাষ্ট্রের দিকেও ফিরে আসতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বার্তা স্পষ্ট- ইরানের পাল্টা জবাব কেবল সেই নির্দিষ্ট এলাকাতেই সীমাবদ্ধ থাকবে না, যে সীমা ওয়াশিংটন নিজেই নির্ধারণ করবে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।