বিশ্লেষণ | ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি কেন আন্তর্জাতিক আইনের পরিপন্থী?
https://parstoday.ir/bn/news/iran-i163520-বিশ্লেষণ_ইরানের_বিরুদ্ধে_ট্রাম্পের_হুমকি_কেন_আন্তর্জাতিক_আইনের_পরিপন্থী
পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি এক চিঠিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।
(last modified 2026-09-29T12:42:39+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১৭:৩০ Asia/Dhaka
  • দার্যি
    দার্যি

পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি এক চিঠিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।

পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি গোলাম হোসেইন দার্যি জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো চিঠিতে বলেছেন, ট্রাম্পের বক্তব্য শুধু রাজনৈতিক বাগাড়ম্বর নয়; বরং তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন।

চিঠিতে বলা হয়, ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প ইরানকে ধ্বংসের হুমকি দেন। ইরানের প্রতিনিধি এটিকে জাতিসংঘের মতো শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত মঞ্চের অপব্যবহার হিসেবে উল্লেখ করেছেন।

চিঠিতে আরও বলা হয়, জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারা অনুযায়ী কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি বা শক্তি প্রয়োগ থেকে বিরত থাকা সব সদস্য রাষ্ট্রের দায়িত্ব।

ইরানের প্রতিনিধি দাবি করেন, ইরানকে ধ্বংসের হুমকি এই বিধানের সরাসরি লঙ্ঘন। এ প্রসঙ্গে তিনি নিকারাগুয়া বনাম যুক্তরাষ্ট্র মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের অবস্থানের কথাও উল্লেখ করেন।

চিঠিতে আরও বলা হয়, এ ধরনের হুমকি আন্তর্জাতিক মানবিক আইন ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার মৌলিক নীতিরও পরিপন্থী। বিশেষ করে ব্যাপকভাবে বেসামরিক জনগণকে ধ্বংসের হুমকি দেওয়া হলে তা আন্তর্জাতিক মানবিক আইনের বৈষম্যহীনতা ও আনুপাতিকতার নীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে—এমন বক্তব্য সেখানে তুলে ধরা হয়েছে।

ইরান আরও বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের অধীনে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার তারা সংরক্ষণ করে।

চিঠির শেষাংশে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ধরনের হুমকির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের প্রতিনিধি বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ধ্বংসের হুমকিকে স্বাভাবিক বিষয়ে পরিণত করা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিকে আরও দুর্বল করতে পারে।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।