প্রকৃত বহুপক্ষীয় ব্যবস্থা গড়ে তুলতে হবে: ইরানি প্রেসিডেন্ট
-
মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই অঞ্চলে প্রকৃত বহুপক্ষীয় ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথের শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ইরানের প্রথম অংশগ্রহণ উপলক্ষে তিনি পরিবহন, জ্বালানি, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে 'সিআইএস+১' নামে একটি নতুন সহযোগিতা কাঠামো গঠনের প্রস্তাব দিয়েছেন।
ইরানের সংবাদমাধ্যম পার্সটুডের প্রতিবেদনে ইরনার বরাতে বলা হয়েছে, সম্মেলনে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন- যুদ্ধ, সংকট, বহিরাগত চাপ এবং অর্থনৈতিক ও যোগাযোগপথে সমস্যা মোকাবিলায় আমাদের অঞ্চলকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সক্ষম ও স্থিতিশীল হতে হবে।
তিনি বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আঞ্চলিক সক্ষমতাগুলোকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করা। আমাদের অভিন্ন স্বার্থ বিভিন্ন যোগাযোগপথের মধ্যে প্রতিযোগিতায় নয়, বরং এসব পথকে একে অপরের সঙ্গে যুক্ত করার মধ্যে নিহিত।
পেজেশকিয়ান আরও বলেন, মধ্য এশিয়ার জন্য ইরান কেবল একটি অংশীদার নয়; বরং মধ্য এশিয়া ও ইউরেশিয়াকে উন্মুক্ত সমুদ্রপথের সঙ্গে যুক্ত করার একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ করিডোর। পারস্য উপসাগর ও ওমান সাগরের তীরে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো বিশেষ করে চাবাহার বন্দর এই অঞ্চলকে দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং পরবর্তীতে ইউরোপের সঙ্গে সংযুক্ত করতে পারে।
তিনি বলেন, ইরান নিজেকে এই অঞ্চলের পারস্পরিক সংযুক্ত ভৌগোলিক কাঠামোর একটি স্বাভাবিক অংশ হিসেবে বিবেচনা করে। এই সংযোগ শুধু ভৌগোলিক নয়; এর শিকড় ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা ও জনগণের পারস্পরিক সম্পর্কের মধ্যেও গভীরভাবে প্রোথিত।
পেজেশকিয়ান বলেন, বর্তমানে আমাদের সামনে কেবল বিচ্ছিন্নতা কিংবা নির্ভরশীলতার মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার প্রশ্ন নেই। বরং প্রত্যেকটি দেশ যেন নিজেদের স্বাধীনতা ও জাতীয় সিদ্ধান্ত গ্রহণের অধিকার বজায় রেখে অভিন্ন ভৌগোলিক অবস্থানের সুবিধা কাজে লাগাতে পারে, সে জন্য আমাদের সক্ষমতাগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, “আমরা বিচ্ছিন্নতার পরিবর্তে সংযোগ, ক্ষয়িষ্ণু প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতা, একতরফা নির্ভরশীলতার পরিবর্তে পারস্পরিক নির্ভরতা এবং হুমকিনির্ভর নিরাপত্তার পরিবর্তে আস্থা ও অভিন্ন স্বার্থভিত্তিক নিরাপত্তা চাই।”#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।