মিনাব ট্র্যাজেডি: দায়ীদের আন্তর্জাতিক আদালতে জবাবদিহির আওতায় আনার দাবি ইরানের
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গরিবাবাদি।
পার্সটুডে: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মিনাব হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকটি দেশ আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে এবং এ-সংক্রান্ত মামলার নথিপত্র তেহরানে পাঠিয়েছে।
তাসনিম সংবাদ সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি রোববার দক্ষিণ ইরানের মিনাব শহরে শাজারে তাইয়েবা স্কুলে হামলার দায়ীদের আন্তর্জাতিক অঙ্গনে জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি জানান, এই ঘটনার বিচারিক প্রক্রিয়া এগিয়ে নিতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কয়েকটি বিদেশি দেশও এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করার উদ্যোগে অংশ নিয়েছে।
মিনাব মামলার অগ্রগতি সম্পর্কে গারিবাবাদি বলেন, এ ঘটনা সম্পর্কে উল্লেখযোগ্য পরিমাণ তথ্যপ্রমাণ সংগ্রহ করে তেহরানে পাঠানো হয়েছে। মামলাটির আইনি প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।
ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে আগ্রাসীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। মিনাব হত্যাকাণ্ডের দায়ীদের নিজেদের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক অঙ্গনে জবাব দিতে হবে।
গারিবাবাদি আরও বলেন, লামার্দে একটি স্টেডিয়ামকে নতুন ধরনের অস্ত্র পরীক্ষার স্থান হিসেবে ব্যবহার করা হয়েছিল। তিনি এই কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেন এবং এ ধরনের ঘটনার আইনি দিকগুলো খতিয়ে দেখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সাম্প্রতিক হামলাগুলোর বিষয়ে আন্তর্জাতিক ব্যবস্থার ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, দুটি যুদ্ধের সময় শত্রুপক্ষের অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তবে ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও জাতীয় ঐক্যের কারণে দেশটি শত্রুপক্ষের প্রতিরোধের মুখে পড়েছে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শহীদ বিপ্লবী নেতার নির্দেশনায় শত্রুপক্ষের অপরাধের বিচারিক অনুসরণ ও আইনি জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি।
হরমুজ প্রণালি প্রসঙ্গে গারিবাবাদি বলেন, এই জলপথ ইরানি পরিচয়ের প্রতীকে পরিণত হয়েছে। শত্রুদের মোকাবিলায় ইরান এই জলপথের সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগাবে। তিনি আরও বলেন, ইরান যুদ্ধ শুরু করেনি; বরং আগ্রাসনের মুখে আত্মরক্ষা করছে। গত দুই শতাব্দীতে ইরান কোনো যুদ্ধ শুরু করেনি, তবে আগ্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।#
পার্স টুডে/এমবিএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।