ইসরাইলি পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি বাস্তব হুমকি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i20842-ইসরাইলি_পরমাণু_কর্মসূচি_আন্তর্জাতিক_নিরাপত্তার_প্রতি_বাস্তব_হুমকি_ইরান
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’তে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা নাজাফি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার প্রতি বাস্তব হুমকি হয়ে উঠেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৬ ০৭:৫৮ Asia/Dhaka
  • ইসরাইলি পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি বাস্তব হুমকি: ইরান

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’তে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা নাজাফি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার প্রতি বাস্তব হুমকি হয়ে উঠেছে।

আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের ফাঁস হয়ে যাওয়া ইমেইলের তথ্যের কথা উল্লেখ করে আইএইএ’র নির্বাহী পরিষদের বৈঠকে তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের অস্ত্রভাণ্ডারে ২০০ পরমাণু বোমা রয়েছে।

রেজা নাজাফি বলেন, ইসরাইলের কাছে পরমাণু অস্ত্র থাকার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরো জানান, ইহুদিবাদী ইসরাইল গণবিধ্বংসী অস্ত্র বিরোধী কোনো আন্তর্জাতিক কনভেনশনে যোগ দেয় নি বা  আইএইএ’র পরিদর্শকদেরকে নিজের পরমাণু স্থাপনাগুলো দেখারও অনুমতি দেয় নি।

পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের কোনো কোনো দেশের দ্বিমুখী নীতিও তুলে ধরেন ইরানি রাষ্ট্রদূত। চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিও’র প্রতি ইরান পূর্ণ অঙ্গীকার ব্যক্ত করার পরও কোনো কোনো পশ্চিমা দেশ তেহরানের প্রতি পুরোপুরি সন্তোষ প্রকাশ করে নি। 

এর আগে গত সপ্তাহে প্রকাশিত খবর বলা হয়েছিল, ইহুদিবাদী ইসরাইলের অস্ত্রভাণ্ডারে ২০০ পরমাণু বোমা রয়েছে এবং এসব বোমার প্রায় সবগুলোই ইরানের দিকে তাক করে রাখা হয়েছে।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের জিমেইল একাউন্ট থেকে পাঠানো ইমেইলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা প্রসঙ্গে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি নিয়ে আলোচনা করা হয়েছে। চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ নিয়ে ম্যারাথন আলোচনা প্রসঙ্গে ইমেইলে পাওয়েল লিখেছেন, নেতানিয়াহু যা চান আলোচনাকারীরা তা অর্জন করতে পারবেন না। ইরানের পরমাণু বোমা তৈরি করতে এক বছর সময় লাগবে বলে নেতানিয়াহু যে উদ্বেগ প্রকাশ করেছেন তাও নাকচ করে দেন পাওয়েল।#

পার্সটুডে/মূসা রেজা/২২