বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব: দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারাল ইরান
-
মঙ্গলবারের খেলার একটি উত্তেজনাকর মুহূর্ত
বিশ্বকাপ ফুটবল ২০১৮’র বাছাইপর্বের খেলায় এশিয়ার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে ইরান।
মঙ্গলবার বিকেলে তেহরানের আজাদি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় এক লাখ দর্শকের ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। শোকাবহ আশুরা উপলক্ষে ফুটবলপ্রেমী দর্শকরা কালো কাপড় পরে তাদের দলকে সমর্থন জানান।
খেলার ২৫ মিনিটের মাথায় ইরানি স্ট্রাইকার সারদার আযমাউন দলের পক্ষে একমাত্র গোলটি করেন। এ জয়ের ফলে বাছাই পর্বের খেলায় এশিয়া অঞ্চলে গ্রুপ ‘এ’র শীর্ষস্থান দখল করল ইরান। অন্যদিকে ইরানের কাছে পরাজিত হয়েছে গ্রুপের তিন নম্বর অবস্থানে চলে গেছে দক্ষিণ কোরিয়া।
মঙ্গলবার ‘এ’ গ্রুপের অপর দুই খেলায় উজবেকিস্তান ২-০ গোলে চীনকে এবং কাতার ১-০ গোলে সিরিয়াকে পরাজিত করে।
ইরানের জাতীয় দলের হেড কোচ কার্লোস কেইরুশ তার দলকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের আসরে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ২০১৮ সালের গ্রীষ্মে রাশিয়ায় পরবর্তী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। এর আগে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল ২০১৪’তে খেলেছিল ইরান।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২