‘তেহরানে ইউরোপীয় ইউনিয়নের দফতর খুলতে সময় লাগবে’
-
সাক্ষাৎকার দিচ্ছেন বাহরাম কাসেমি
ইরানের রাজধানী তেহরানে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র দফতর খুলতে সময় লাগবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি বলেছেন, এই মুহূর্তে এ সংক্রান্ত সম্ভাব্য তারিখ নির্ধারণ করাও সম্ভব নয়।
সোমবার পার্সটুডে’র সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাৎকারে কাসেমি বলেন, তেহরানে ইইউ’র দফতর খোলার বিষয়টি নতুন কোনো বিষয় নয়। কিন্তু অনেকগুলি বিষয়ের ওপর এটি নির্ভরশীল বলে রাতারাতি এ ধরনের দফতর খুলে দেয়া সম্ভব নয়।
আগামীকাল বুধবার থেকে ব্রাসেলসে ইইউ’র সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে বলেও জানান তিনি। দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে বাধাগুলো অপসারণ করা হবে এ আলোচনার মূল লক্ষ্য। কাসেমি বলেন, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক উপ প্রধান এ বৈঠকে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেবেন।
২০১৫ সালের জুলাই মাসে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার আগে দু’পক্ষের দীর্ঘ আলোচনায় মধ্যস্থতা করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা। চলতি বছরের জানুয়ারিতে ওই সমঝোতা বাস্তবায়ন শুরু হলেও সাম্রাজ্যবাদী মার্কিন সরকার এখনো ইরানকে দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করেনি।
মার্কিন সরকারের বাধার কারণে ইউরোপীয় ইউনিয়নও তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে পারছে না। বুধবার থেকে ব্রাসেলসে শুরু হতে যাওয়া ইরান-ইইউ আলোচনায় এ বিষয়টি নিয়ে কথা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮