ইরানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর তাগিদ দিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জুকু উইদুদু। আজ (মঙ্গলবার) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-আইওআরএ'র সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।
জুকু উইদুদু বলেন, দুই দেশের মধ্যে তেল ও তেল বহির্ভূত পণ্য আমদানি-রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে হবে। তিনি ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করার ওপর জোর দেন।
এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন সন্তোষজনক পর্যায়ে রয়েছে। এরপরও বাণিজ্যিক সহযোগিতা আরও বাড়াতে হবে। তিনি বলেন, ইন্দোনেশিয়ার বিদ্যুৎ উৎপাদন খাতে ইরানের সহযোগিতার ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।
ইরান, বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের ২১টি দেশ হচ্ছে আইওআরএ'র সদস্য।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭