তালেবানের সঙ্গে ইরানের সম্পর্কের অভিযোগ বিস্ময়কর: তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i35616-তালেবানের_সঙ্গে_ইরানের_সম্পর্কের_অভিযোগ_বিস্ময়কর_তেহরান
আফগানিস্তানে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতার অভিযোগকে ‘আশ্চর্যজনক ও হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠারত আইপিইউ সম্মেলনে অংশগ্রহণকারী আফগান প্রতিনিধিদল এ অভিযোগ করেছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৪, ২০১৭ ০৪:২০ Asia/Dhaka
  • উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের একটি দল (ফাইল ছবি)
    উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের একটি দল (ফাইল ছবি)

আফগানিস্তানে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতার অভিযোগকে ‘আশ্চর্যজনক ও হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠারত আইপিইউ সম্মেলনে অংশগ্রহণকারী আফগান প্রতিনিধিদল এ অভিযোগ করেছিল।

অভিযোগের জবাব দিয়েছেন সম্মেলনে অংশগ্রহণকারী ইরানি সংসদীয় প্রতিনিধিদলের প্রধান গোলামআলী জাফারযাদে। 

সোমবার আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ'র ১৩৬তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, “আজ আফগান প্রতিনিধিদল তালেবানের প্রতি ইরানের সহযোগিতার একটি ভিত্তিহীন অভিযোগ তুলেছে। এমন সময় এই অভিযোগ তোলা হচ্ছে যখন ইরান নিজেই তালেবানের সহিংসতার শিকার।”

তিনি এক্ষেত্রে ১৯৯৮ সালে আফগানিস্তানে মাজার শরিফ শহরে তালেবানের হাতে নয় কূটনীতিকসহ ১১ ইরানি নাগরিকের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন।  জাফারজাদেহ বলেন, আফগানিস্তানে তালেবানের উত্থানে বিশ্ব কি কি ক্ষতির শিকার হতে যাচ্ছে সে সম্পর্কে ইরানই প্রথম আন্তর্জাতিক সমাজকে হুঁশিয়ার করে দিয়েছিল।

প্রতিবেশী দেশ আফগানিস্তানে তালেবান সংকট সৃষ্টি হওয়ার পর ইরান বস্তুগত ও ধর্মীয় দিক দিয়ে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে বলে জানান ইরানের এ সিনিয়র সংসদ সদস্য। তিনি অশুভ শক্তিগুলোর মাধ্যমে প্রভাবিত হয়ে ইরানের বিরুদ্ধে এ ধরনের ‘অযৌক্তিক ও ধ্বংসাত্মক’ মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য আফগান প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪