ব্রিটেনের ‘ঔপনিবেশিক’ নীতি মধ্যপ্রাচ্য সংকটের উৎস: ইরান
-
বাহরাম কাসেমি
ইরান বলেছে, ব্রিটেন ও তার মিত্রদের ‘ঔপনিবেশিক’ নীতির কারণে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ সংকটের উৎপত্তি হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সাম্প্রতিক এক ইরান বিরোধী বক্তব্যের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
মে সম্প্রতি সৌদি আরব সফরে গিয়ে আর-রিয়াদ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, ইরান আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।
এর প্রতিক্রিয়ায় কাসেমি বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হচ্ছে ইরানের আঞ্চলিক নীতির মূল উপাদান। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
বাহরাম কাসেমি বলেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশ সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়ে ইরানের সহায়তা চেয়েছে সেসব দেশে এ বিষয়টি প্রমাণিত হয়েছে যে, ইরান এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আসল কথা হচ্ছে, ইরাক ও সিরিয়ায় সাম্প্রতিক সময়ে উগ্র তাকফিরি সন্ত্রাসীরা কোণঠাসা হয়ে পড়ায় ব্রিটেন ও তার আঞ্চলিক মিত্ররা উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদে নিরাপত্তাহীন ও অস্থিতিশীল করে রাখতে চায় বলেও তিনি মন্তব্য করেন।
কাসেমি আরো বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী এমন সময় ইরানের বিরুদ্ধে অভিযোগ করলেন যখন লন্ডন ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যার কাজে সৌদি আরবের কাছে কোটি কোটি ডলারের সমরাস্ত্র হস্তান্তর করেছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬