সিরিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা ‘অগ্রহণযোগ্য’: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। সেইসঙ্গে তিনি সিরিয়ার ইদলিবে গত সপ্তাহের রাসায়নিক হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন।
জারিফ বৃহস্পতিবার কাজাখস্তান, ভেনিজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপের সময় এসব কথা বলেন। টেলিফোনালাপে তিনি সিরিয়ার সর্বসাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি প্রতিটি দেশের সঙ্গে তেহরানের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
কাজাখ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনালাপে জারিফ গত ১৫ মার্চ কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা নিয়ে কথা বলেন।
এ ছাড়া, ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপে তিনি সিরিয়ায় মার্কিন আগ্রাসন বন্ধে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামকে এগিয়ে আসার আহ্বান জানান। ভেনিজুয়েলা বর্তমানে ১২০ সদস্যবিশিষ্ট সংস্থা ন্যামের সভাপতির দায়িত্ব পালন করছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪