সৌদি আরবকে ইরান বিদ্বেষী নীতি পরিহার করার আহ্বান জানাল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i37924-সৌদি_আরবকে_ইরান_বিদ্বেষী_নীতি_পরিহার_করার_আহ্বান_জানাল_তেহরান
সৌদি আরবকে ইরান বিদ্বেষী নীতি ও অভিযোগ আরোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে তেহরান। ইরান বলেছে, দেশটি রিয়াদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৫, ২০১৭ ০১:১৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

সৌদি আরবকে ইরান বিদ্বেষী নীতি ও অভিযোগ আরোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে তেহরান। ইরান বলেছে, দেশটি রিয়াদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি লন্ডন থেকে প্রকাশিত দৈনিক আল-আরাবি আল-জাদিদ’কে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান। তিনি বলেন, “আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা জিইয়ে রাখতে চাই না। পারস্য উপসাগরীয় দেশগুলোসহ সকল দেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য। 

তেহরান ও রিয়াদের মধ্যকার মতবিরোধগুলো খুব বেশি জটিল নয় বলে উল্লেখ করেন কাসেমি। তিনি বলেন, যে বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ককে তিক্ত করে তুলেছে তা হলো ভুল বোঝাবুঝি এবং রিয়াদের একের পর এক ইরান বিরোধী ভিত্তিহীন অভিযোগ।

২০১৫ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ্ব পালনের সময় মক্কার কাছে মিনায় পদদলিত হয়ে হাজার হাজার মানুষের নিহত হওয়ার ঘটনায় তেহরান-রিয়াদ সম্পর্কের অবনতি হয়। ওই মর্মান্তিক ঘটনায় প্রাথমিকভাবে সৌদি আরব ৭৭০ হাজির নিহত হওয়ার খবর স্বীকার করলেও পরবর্তীতে বিভিন্ন দেশ তাদের নিহত হাজিদের সংখ্যা প্রকাশ করলে তা কয়েক হাজার ছাড়িয়ে যায়। কিন্তু রিয়াদ এরপর আর আনুষ্ঠানিকভাবে মিনা ট্রাজেডি’র নিহত হাজিদের সংখ্যা প্রকাশ করেনি।

ইরান বলেছে, দেশটির ৪৬৫ হাজিসহ ওই দুর্ঘটনায় বিভিন্ন দেশের প্রায় ৪,৭০০ মানুষ প্রাণ হারিয়েছেন।

মিনা ট্রাজেডির প্রায় চার মাস পর ২০১৬ সালের জানুয়ারি মাসে সৌদি সরকার দেশটির প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করলে তেহরান-রিয়াদ সম্পর্কের আরেক দফা অবনতি হয়। ওই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রাজধানী তেহরান ও মাশহাদ শহরে সৌদি কূটনৈতিক দপ্তরের সামনে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখানোর পর তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫