তৃতীয় কোনো দেশ ইরান-পাকিস্তান সম্পর্কের ক্ষতি করতে পারবে না: শামখানি
https://parstoday.ir/bn/news/iran-i38616-তৃতীয়_কোনো_দেশ_ইরান_পাকিস্তান_সম্পর্কের_ক্ষতি_করতে_পারবে_না_শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তৃতীয় কোনো পক্ষ যাতে ইরান ও পাকিস্তানের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেদিকে দু’দেশকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৫, ২০১৭ ০১:৫৫ Asia/Dhaka
  • করমর্দন করছেন নাসির খান জানজুয়া (বামে) ও আলী শামখানি
    করমর্দন করছেন নাসির খান জানজুয়া (বামে) ও আলী শামখানি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তৃতীয় কোনো পক্ষ যাতে ইরান ও পাকিস্তানের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেদিকে দু’দেশকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

রাশিয়ার টিভের শহরে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়ার সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান শামখানি। টিভের শহরে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শামখানি বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক পছন্দ করে না- এমন দেশকে কখনোই দু’দেশের সুপ্রতিবেশীসুলভ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে দেয়া উচিত হবে না।

গতমাসে ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে পাকিস্তান-ভিত্তিক একটি উগ্র জঙ্গী গোষ্ঠীর হামলায় ১০ ইরানি সীমান্তরক্ষী নিহত হন। ওই দুঃখজনক ঘটনার কথা তুলে ধরে শামখানি বলেন, এ ধরনের জঙ্গি তৎপরতা নস্যাৎ করতে ইরান-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদার করা জরুরি।

সাক্ষাতে ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ককে আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন নাসির জানজুয়া। তিনি বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ইসলামাবাদ সফরের সময় দ্বিপক্ষীয় সমন্বয়ের ভিত্তিতে সীমান্ত সন্ত্রাস প্রতিহত করার সিদ্ধান্ত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫