গুরুত্বপূর্ণ বিষয়ে রুহানি-পুতিন ফোনালাপ
-
ফাইল ফটো
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে পরমাণু সমঝোতা বা জেসিপিওএ’র বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি রুহানিকে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য নতুন করে অভিনন্দন জানান।
ফোনালাপে ড. রুহানি বলেন, প্রতিবেশী দেশগুলো বিশেষ করে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়টিকে তেহরান স্বাগত জানায়। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ইরান অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ। নিকট ভবিষ্যতে দু দেশ আরো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক দেখবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলো যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত ইরানও তা বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিশেষ করে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য বড় ভূমিকা পালন করবে। তবে সুনির্দিষ্ট কিছু দেশ বিশেষ করে আমেরিকার নতুন প্রশাসন ও সৌদি সরকারের তৎপরতা আঞ্চলিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।
ফোনালাপে পুতিন বলেন, সিরিয়ায় কিছু দেশের আগ্রাসী তৎপরতার জন্য তার দেশ উদ্বিগ্ন। অন্যদিকে সিরিয়ায় ইরান ও রাশিয়া কাজ করছে দামেস্ক সরকারের আনুষ্ঠানিক অনুরোধের পর। দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা জন্য তেহরান ও মস্কো একসঙ্গে কাজ অব্যহাত রাখবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮