ইসরাইলের বর্ণবাদী আচরণ মধ্যপ্রাচ্য এবং মানবতার জন্য হুমকি: লারিজানি
ইরানের সংসদ মজলিশে শুরার স্পিকার আলী লারিজানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী এবং বর্ণবাদী আচরণ সব সময়ই মধ্যপ্রাচ্য এবং মানবতার জন্য হুমকি।
ইসরাইলি দখলদারিত্ব থেকে দক্ষিণাঞ্চলীয় লেবানন মুক্ত করার ১৭তম বার্ষিকী উপলক্ষে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ্র কাছে পাঠানো অভিনন্দন বার্তায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ইসরাইলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করার একমাত্র পথই হলো প্রতিরোধ। বার্তায় আরো বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর অনেকগুলো বিজয়ের মধ্য দিয়ে পরিষ্কার ভাবে এ কথা প্রমাণ হয়েছে। এ ছাড়া, অধিকৃত ফিলিস্তিন উদ্ধারের মুসলমান উম্মাহ্র উজ্জ্বল অভিলাষও কেবল মাত্র ঐক্য,সংহতি এবং প্রতিরোধের মাধ্যমেই অর্জিত হতে পারে বলে এতে উল্লেখ করা হয়।
তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, লেবাননের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঐক্য এবং সংহতি দেশটির মানুষের এবং ইসলামী প্রতিরোধ আন্দোলনের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবে।
১৯৮২ সালে ব্যাপক হামলা চালিয়ে ইসরাইল দক্ষিণ লেবানন অঞ্চল দখল করে নিয়েছিল। পরবর্তীতে হিজবুল্লাহ এবং লেবাননের মানুষের তীব্র প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ইসরাইল অত্যন্ত লজ্জাজনকভাবে ২০০০ সালের ২৫ মে দক্ষিণ লেবানন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
এ ছাড়া, ২০০৬ সালেও লেবাননের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ইহুদিবাদী ইসরাইল। হিজবুল্লাহর প্রচণ্ড প্রতিরোধের মুখে এবারও ইসরাইল চরমভাবে ব্যর্থ হয় এবং যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছিল। একে দ্বিতীয় বারের মতো ইসরাইলের জন্য বড় ধরণের পরাজয় হিসেবে গণ্য করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/৩০