বিশ্ব কুদস দিবসের ইশতেহারে কী বলা হয়েছে?
ইরানের কুদস দিবসের মিছিলে অংশগ্রহণকারীরা একটি ইশতেহার প্রকাশ করেছে। সেখানে ফিলিস্তিনিদের ইন্তিফাদা বা গণজাগরণের প্রতি সমর্থন ঘোষণার পাশাপাশি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সৌদি পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে।
কুদস দিবসের ইশতেহারে বলা হয়েছে, পবিত্র বায়তুল মোকাদ্দাস (জেরুজালেম) মুক্ত করার পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলকে ধ্বংসের বিষয়টি এখনও মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ফিলিস্তিন ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার যে কোনো পদক্ষেপই নিন্দনীয়।
ইশতেহারে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ফিলিস্তিনি শরণার্থীদেরকে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়ে সেখানে তাদের ভবিষ্যত নির্ধারণের লক্ষ্যে সর্বাত্মক ও অবাধ গণভোট আয়োজন করাই হলো ফিলিস্তিন সমস্যা সমাধানের একমাত্র পথ। এর ভিন্ন যে কোনো পথই হলো অবৈধ ইসরাইলের অস্তিত্ব টিকিয়ে রাখার সযোগ করে দেয়া এবং ফিলিস্তিনিদের অধিকার নষ্ট করা।
ইরানের মিছিলে অংশগ্রহণকারীরা তাদের ইশতেহারে ইহুদিবাদীদের মোকাবেলায় ফিলিস্তিনের সব দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
একইসঙ্গে তারা ইশতেহারে বলেছেন, সৌদি আরব ও তার কয়েক আঞ্চলিক মিত্র দেশ সন্ত্রাসবাদকে সমর্থন দেয়ার মাধ্যমে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে এবং ঘাতক ও দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩