সৌদি আরব মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক নীতি নিয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i41730-সৌদি_আরব_মধ্যপ্রাচ্যে_ধ্বংসাত্মক_নীতি_নিয়েছে_ইরান
ইরানের প্রতি সৌদি আরবের শত্রুতামূলক আচরণের নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত গোলাম-আলী খোশরো। তিনি বলেছেন, সামরিক শক্তি নয় বরং বুদ্ধিবৃত্তির মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর ওপর ইরান তার আঞ্চলিক প্রভাব প্রতিষ্ঠা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৮, ২০১৭ ১৩:৩৮ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত গোলাম-আলী খোশরো
    জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত গোলাম-আলী খোশরো

ইরানের প্রতি সৌদি আরবের শত্রুতামূলক আচরণের নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত গোলাম-আলী খোশরো। তিনি বলেছেন, সামরিক শক্তি নয় বরং বুদ্ধিবৃত্তির মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর ওপর ইরান তার আঞ্চলিক প্রভাব প্রতিষ্ঠা করেছে।

গতকাল (শুক্রবার) ইরানের ইংরেজি সংবাদ মাধ্যম প্রেসটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে ইরান এ অঞ্চলে নিজেকে স্থিতিশীলতার নিয়ামক হিসেবে প্রতিষ্ঠা করেছে।

অন্যদিকে গোলাম-আলী খোশরো বলেন, ইয়েমেনে বর্বরোচিত আগ্রাসন, উগ্র গোষ্ঠী তালেবান, আল কায়েদা, দায়েশ এবং ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের প্রতি সমর্থন ও সহযোগিতা দেয়ার মাধ্যমে সৌদি আরব গত কয়েক বছর ধরে এ অঞ্চলে ধ্বংসাত্মক নীতি গ্রহণ করেছে।

খোশরো বলেন, ''সৌদি আরব মনে করছে যে তারা ইরানের প্রভাব মোকাবেলা করছে। কিন্তু সামরিক শক্তির ওপর ভর করে ইরান এ অঞ্চলে তার প্রভাব বিস্তার করেনি বরং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে এবং উগ্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার ক্ষেত্রে ইরান তার বুদ্ধিবৃত্তিক নীতি অবলম্বন করেছে।''  

তিনি বলেন, সৌদি-সমর্থিত ওহাবি মতবাদ থেকে সৃষ্ট উগ্র তাকফিরি গোষ্ঠীগুলিকে রিয়াদ সংগঠিত করছে, অস্ত্র এবং অর্থ দিচ্ছে। তবে তারা ইরানের বিরুদ্ধে কোনো কিছুই করতে সক্ষম হয় নি।#

পার্সটুডে/বাবুল আখতার/৮