এরদোগান-বাকেরি বৈঠক; ইরান সফরে আসছেন তুর্কি প্রেসিডেন্ট  
https://parstoday.ir/bn/news/iran-i44358-এরদোগান_বাকেরি_বৈঠক_ইরান_সফরে_আসছেন_তুর্কি_প্রেসিডেন্ট
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৭, ২০১৭ ১৭:৩৭ Asia/Dhaka
  • জেনারেল বাকেরি (বামে) ও প্রেসিডেন্ট এরদোগান
    জেনারেল বাকেরি (বামে) ও প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

তুরস্ক সফরের দ্বিতীয় দিন বুধবার রাজধানী আংকারায় এরদোগানের সঙ্গে জেনারেল বাকেরি বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক, আঞ্চলিক ঘটনাবলী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে তারা আলোচনা করেছেন। তিনি জানান, সামরিক শিক্ষা খাতে দু পক্ষ পারস্পরিক সহযোগিতা ও শিক্ষার্থী বিনিময় করতে সম্মত হয়েছে। এছাড়া, যৌথ প্রশিক্ষণ কোর্স করা হবে।

সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে দু পক্ষ তথ্য বিনিময়ের মাত্রা বাড়াতেও রাজি হয়েছে। জেনারেল বাকেরি জানান, প্রেসিডেন্ট এরদোগান শিগগিরি ইরান সফর করবেন এবং দু দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি যৌথ কৌশলগত কমিশন গঠন করা হবে। এ কমিশনের লক্ষ্য থাকবে ইরান ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক সম্পর্ক বাড়ানো।

জেনারেল বাকেরি জানান, প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠকে তিনি ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানে অনুষ্ঠেয় গণভোট নিয়েও আলোচনা করেছেন। এ বিষয়ে দুজনই একমত হয়েছেন যে, কুর্দি গণভোটের ফলে ইরাকে উত্তেজনা ও টানাপড়েন বাড়বে।

জেনারেল বাকেরি গত মঙ্গলবার তিনদিনের সফরে তুরস্ক যান। এটাই হচ্ছে কোনো ইরানি সেনাপ্রধানের প্রথম তুরস্ক সফর। তার সঙ্গে ছিল একটি উঁচু পর্যায়ের রাজনৈতিক ও সামরিক প্রতিনিধিদল।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭