ইরাক ও সিরিয়ায় বস্তুগত স্বার্থের জন্য লড়ছি না: জে. সোলায়মানি
https://parstoday.ir/bn/news/iran-i44542-ইরাক_ও_সিরিয়ায়_বস্তুগত_স্বার্থের_জন্য_লড়ছি_না_জে._সোলায়মানি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল সোলায়মানি বলেছেন, প্রতিবেশী ইরাক ও সিরিয়ায় ইরানের জন্য কোনো বস্তুগত স্বার্থ নেই। একইভাবে ফিলিস্তিনি ইস্যুতেও কোনো বস্তুগত স্বার্থের জন্য ইরান সমর্থন দেয় না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২১, ২০১৭ ০৭:৪৯ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন জেনারেল সোলায়মানি
    বক্তব্য রাখছেন জেনারেল সোলায়মানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল সোলায়মানি বলেছেন, প্রতিবেশী ইরাক ও সিরিয়ায় ইরানের জন্য কোনো বস্তুগত স্বার্থ নেই। একইভাবে ফিলিস্তিনি ইস্যুতেও কোনো বস্তুগত স্বার্থের জন্য ইরান সমর্থন দেয় না।

গতকাল (রোববার) এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা যখন ইরাকে ঢুকি তখন ইরাক ও আমাদের নিজেদের স্বার্থকে আলাদা করে দেখি নি। পাশাপাশি ইরাকের তেলক্ষেত্রগুলো কিংবা মসুল ও কিরকুকের মতো কোনো শহর নিয়ন্ত্রণেরও চেষ্টা করি নি। আমরা কখনো অর্থের দাবি করি নি এবং করব না।”

জেনারেল সোলায়মানি আরো বলেন, ফিলিস্তিনি ইস্যুকে আমরা কখনো শিয়া মাজহাবগত স্বার্থের জন্য সমর্থন করি নি। প্রায় সব ফিলিস্তিনি সুন্নি এবং আমরা এখনো তাদের রক্ষার চেষ্টা করছি।”

তিনি বলেন, দায়েশ ও জয়শুল ইসলামের মতো উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করার পরও সিরিয়ায় স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে ইরান। দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর কথা উল্লেখ করে ইরানের এ সেনা কমান্ডার বলেন, “এটা এমন এক গোষ্ঠী যারা প্রতিদিন যুদ্ধক্ষেত্রে শত শত আত্মঘাতী বোমা হামলাকারী পাঠাচ্ছে। আমরা আসলে সেখানে কোনো সামরিক শক্তির বিরুদ্ধে লড়ছি না, আমরা সেখানে তাদের ধর্মীয় চেতনার বিরুদ্ধে লড়াই করছি।”

সিরিয়া ও ইরাকে সামরিক পরামর্শমূলক কাজের মাধ্যমে ইরান এ অঞ্চলের প্রকৃত সামরিক শক্তির মর্যাদা অর্জন করেছে বলেও মন্তব্য করেন জেনারেল সোলায়মানি বলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১