তেহরান সফরে আসছে সৌদি প্রতিনিধিদল
https://parstoday.ir/bn/news/iran-i45214-তেহরান_সফরে_আসছে_সৌদি_প্রতিনিধিদল
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি জানিয়েছেন, সৌদি আরবের একটি প্রতিনিধিদল তেহরান সফরে আসছে। ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দু বছর পূর্ণ হওয়ার আগে এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০১৭ ১৫:০৩ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি জানিয়েছেন, সৌদি আরবের একটি প্রতিনিধিদল তেহরান সফরে আসছে। ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দু বছর পূর্ণ হওয়ার আগে এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কুয়েতের দৈনিক পত্রিকা আল-জারিদা জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার পর সৌদি প্রতিনিধিদল তেহরান সফর করবে। এরপর আজ (রোববার) বাহরাম কাসেমি তথ্যটি নিশ্চিত করলেন। সোমবার ঈদুল আজহার উৎসব শেষ হচ্ছে।

বাহরাম কাসেমি বলেন, "সৌদি প্রতিনিধিদল নিতান্তই তাদের দূতাবাস ভবন দেখতে আসছে কারণ সম্পর্ক ছিন্ন করার পর দু বছর ধরে এ ভবন খালি পড়ে রয়েছে। একইভাবে আমরাও আমাদের দূতাবাস ভবন পরিদর্শনে যাব।" তিনি একে দ্বিপক্ষীয় সমঝোতা বলে উল্লেখ করেন। কাসেমি জানান, দু সপ্তাহ আগে ইরানি প্রতিনিধিদল ওমানের মাধ্যমে ভিসা পেয়েছে তবে কবে সৌদি সফরে যাবে তা এখনো চূড়ান্ত হয় নি।

সম্ভাব্য এ সফর সম্পর্কে কুয়েতের পত্রিকা বলেছে, দুই মাসে আগে এ সফর হওয়ার কথা ছিল কিন্তু দু দেশের কর্মকর্তাদের মধ্যে মতভিন্নতার কারণে তা হয় নি। এ সম্পর্কে কাসেমি বলেন, সৌদি প্রতিনিধিদলের জন্য অনেক আগেই ভিসা ইস্যু করা হয়েছে কিন্তু তারা ঈদুল আজহা পর্যন্ত সফর স্থগিত করে রেখেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩