ইরান সফরে এলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান
-
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বিমান থেকে নামছেন
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান একটি উচ্চ প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছেছেন। সফরে তিনি ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
আজ (বুধবার) ইরান সফররত প্রেসিডেন্ট এরদোগানকে তেহরানের সা'তাদাবাদ সাংস্কৃতিক কেন্দ্রে স্বাগত জানান ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। এরদোগানের সঙ্গে তুরস্কের অর্থ, জ্বালানি এবং সাংস্কৃতিক বিষয়ে চার মন্ত্রীর পাশাপাশি বহু তুর্কি ব্যবসায়ী ও বিনিয়োগকারী রয়েছেন। অর্থনৈতিক ক্ষেত্রে এরইমধ্যে দুই দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে এবং ভবিষ্যতে বাণিজ্যিক লেনদেন ৩,০০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে তেহরান-আঙ্কারার পরিকল্পণা রয়েছে বলে জানা গেছে।
ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকে তেহরান-আঙ্কারার মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা ইস্যু অগ্রাধিকার পাবে বলে মনে করা হচ্ছে।
এছাড়া, সাম্প্রতিক সময়ে দুই দেশের কর্মকর্তাদের সফরের পর ইরান ও তুরস্কের মধ্যে যেসব সমঝোতা স্মারকে সই হয়েছে সে সম্পর্কেও বৈঠকে আলোচনা করা হবে। ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার গণভোট সম্পর্কে ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও প্রেসিডেন্ট এরদোগান বৈঠক করবেন।
সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে ইরান ও তুরস্কের মধ্যে কৌশলগত সহযোগিতা নিয়ে দুই দেশের সুপ্রিম কাউন্সিল বৈঠকে বসবেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৪