ওয়াশিংটন ইরানি বিপ্লবী রক্ষীদের 'সন্ত্রাসী' বললে তেহরানের জবাব হবে ধ্বংসাত্মক
https://parstoday.ir/bn/news/iran-i47239-ওয়াশিংটন_ইরানি_বিপ্লবী_রক্ষীদের_'সন্ত্রাসী'_বললে_তেহরানের_জবাব_হবে_ধ্বংসাত্মক
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি জাতিসংঘের দু'হাজার ২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৭ ১৬:১০ Asia/Dhaka

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি জাতিসংঘের দু'হাজার ২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেনি।

তিনি আজ সোমবার দেশি-বিদেশী সাংবাদিকদের দেয়া এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন। 

পরমাণু ও ক্ষেপণাস্ত্র বিষয়ক আলোচনায় ইরানের অবস্থানে কোনো পরিবর্তন ঘটেনি বলে কাসেমি মন্তব্য করেছেন। 

তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি এই দেশের প্রতিরক্ষা নীতিরই অংশ এবং এই নীতি অতীতের মতোই পরিপূর্ণ  গুরুত্ব পাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, তেহরান তার প্রতিরক্ষার বিষয়ে অন্য কোনো দেশকেই নাক গলানোর সুযোগ দেবে না।

তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী বলে ঘোষণা দেয়ার মার্কিন অপচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সরকার এমন কোনো ঘোষণা দিলে ইরানের জবাব হবে খুবই কঠিন ও ধ্বংসাত্মক এবং মার্কিন সরকারকেই এর পরিণতি ভোগ করতে হবে। 

এর আগে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জা'ফারি  হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মার্কিন সরকার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী বলে ঘোষণা করলে ইসলামী এই দেশটি মার্কিন সেনাদের তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল হিসেবে বিবেচনা করবে। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরমাণু সমঝোতার বিষয়ে ইউরোপের অবস্থান প্রসঙ্গে বলেছেন, ইউরোপ নানা কারণে এ বিষয়ে মার্কিন নীতির বিরুদ্ধে জোরালো ও ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে এবং ইউরোপীয় সরকারগুলো ইরানের সঙ্গে পরমাণু বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে।# 

পার্সটুডে/এমএএইচ/৯