জাতিসংঘের ইশতেহারের সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র নীতি সাংঘর্ষিক নয়: বাহরাম কাসেমি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সংক্রান্ত নীতিমালা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক নয়। গতকাল (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাহরাম কাসেমি আরও বলেছেন, ইরানের নীতিমালায় কোনো পরিবর্তন আসে নি। তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটানো হলো ইরানের প্রতিরক্ষা নীতির অংশ এবং এই নীতি অতীতের মতোই অব্যাহত থাকবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ইসলামি ইরান কোনো সরকারকে প্রতিরক্ষা ক্ষেত্রে হস্তক্ষেপের সুযোগ দেবে না। ইরান, তুরস্ক ও ইরাকের নেতাদের আসন্ন বৈঠক সম্পর্কে তিনি বলেছেন, তিনটি দেশের মধ্যেই নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তিন দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের দিন-তারিখ ঘোষণা করা হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০