ইরান: মধ্যপ্রাচ্যের সব সংকটের মূলে রয়েছে ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/iran-i47661-ইরান_মধ্যপ্রাচ্যের_সব_সংকটের_মূলে_রয়েছে_ইহুদিবাদী_ইসরাইল
ফিলিস্তিনি ভূমির ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বকে মধ্যপ্রাচ্যের সব সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলামআলী খোশরো বুধবার নিরাপত্তা পরিষদের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
অক্টোবর ১৯, ২০১৭ ০৬:৪৮ Asia/Dhaka
  • ইরান: মধ্যপ্রাচ্যের সব সংকটের মূলে রয়েছে ইহুদিবাদী ইসরাইল

ফিলিস্তিনি ভূমির ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বকে মধ্যপ্রাচ্যের সব সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলামআলী খোশরো বুধবার নিরাপত্তা পরিষদের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, ফিলিস্তিনি ভূমি জবরদখল করে ইসরাইলের ইতিহাস শুরু হয়েছে এবং অন্যান্য দেশের ওপর আগ্রাসন চালিয়ে এটি টিকে রয়েছে। তেল আবিব এখন পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৬৮টি প্রস্তাব লঙ্ঘন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

এই অপরাধী ও আগ্রাসী সরকারের প্রতি ওয়াশিংটনের সর্বাত্মক সমর্থনের প্রতি ইঙ্গিত করে ইরানের রাষ্ট্রদূত বলেন, ইহুদিবাদী ইসরাইল আমেরিকার পৃষ্ঠপোষকতা নিয়ে ফিলিস্তিনি জাতির ওপর ভয়াবহ পাশবিকতা চালিয়েছে এবং বিশ্বের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ট্রাজেডি সৃষ্টি করে রেখেছে। তিনি ইসরাইলের রাসায়নিক, পারমাণবিক ও জীবাণু অস্ত্রকে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে উল্লেখ করেন।

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মধ্যপ্রাচ্যে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে সৃষ্টির জন্য আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের মিত্র দেশগুলোকে দায়ী করেন। তিনি বলেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মতো এত বেশি যুদ্ধ আর কোনো দেশ করেনি।

খোশরো তার বক্তব্যের অন্য অংশে তার দেশের পরমাণু সমঝোতার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, এই সমঝোতা অকার্যকর করে দেয়ার জন্য ওয়াশিংটন যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিরোধিতার ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজে মতৈক্য তৈরি হয়েছে। ইরানের বিরোধিতা করতে গিয়ে আমেরিকা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি একঘরে হয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯