মার্কিন নীতির প্রতি সৌদি আরবের অন্ধ সমর্থন দুঃখজনক: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i47864-মার্কিন_নীতির_প্রতি_সৌদি_আরবের_অন্ধ_সমর্থন_দুঃখজনক_ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সংক্রান্ত নীতির প্রতি সৌদি আরব যে নির্লজ্জ সমর্থন জানিয়েছে তার তীব্র সমালোচনা করেছে তেহরান। একইসঙ্গে ইরান সৌদি আরবকে তার পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২৬, ২০১৭ ০৩:৪৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সংক্রান্ত নীতির প্রতি সৌদি আরব যে নির্লজ্জ সমর্থন জানিয়েছে তার তীব্র সমালোচনা করেছে তেহরান। একইসঙ্গে ইরান সৌদি আরবকে তার পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় তেহরান এ আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের তার দেশের বিগত বছরগুলোর ‘ভুলে ভরা, ব্যয়বহুল ও ব্যর্থ’ নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যা অত্যন্ত দুঃখজনক।

আদেল আল-জুবায়ের সম্প্রতি লন্ডনের চ্যাথাম হাউজে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগের পুনরাবৃত্তি করেন। তিনি দাবি করেন, “আমরা মধ্যপ্রাচ্য, ইয়েমেন, সিরিয়া ও পাকিস্তানে ইরানের সহিংস আচরণ প্রত্যক্ষ করছি। যে ইরান এখন এত সমস্যা তৈরি করছে তার হাতে পরমাণু অস্ত্র চলে গেলে কি করবে।” ইরান ইরাকের ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় বলেও অভিযোগ করেন জুবায়ের।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের

তার এসব ভিত্তিহীন অভিযোগের জবাবে বাহরাম কাসেমি বলেন, সৌদি আরবকে ইরানের ব্যাপারে আমেরিকার ব্যর্থ নীতির প্রতি আগ বাড়িয়ে সমর্থন জানিয়ে ওয়াশিংটনের কৃপাভাজন হওয়ার প্রচেষ্টা পরিহার করতে হবে। এর  পরিবর্তে সৌদি কর্মকর্তাদের উচিত অভ্যন্তরীণ ও আঞ্চলিক সংকট থেকে রিয়াদকে কীভাবে সম্মানের সঙ্গে বের করে নেয়া যায় সেই প্রচেষ্টা চালানো।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দীর্ঘদিন ধরে সৌদি কর্মকর্তাদের অবিবেচনাপ্রসূত ও ভুল হিসাবনিকাশের কারণে সৌদি আরবসহ গোটা মধ্যপ্রাচ্যের জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে দেশটির কর্মকর্তারা যত দ্রুত আঞ্চলিক বাস্তবতা সঠিকভাবে উপলব্ধি করবেন ও দূরদর্শিতার পরিচয় দেবেন তত দ্রুত মধ্যপ্রাচ্যের সব সংকটের সমাধান হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬