সৌদি আরবে ইরানের জন্য কূটনৈতিক মিশন খুলছে সুইজারল্যান্ড
https://parstoday.ir/bn/news/iran-i47865-সৌদি_আরবে_ইরানের_জন্য_কূটনৈতিক_মিশন_খুলছে_সুইজারল্যান্ড
সৌদি আরবে ইরানের স্বার্থ দেখাশুনার জন্য জেদ্দায় একটি দপ্তর খোলার ব্যাপারে সুইস সরকারের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চুক্তি সই করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২৬, ২০১৭ ০৪:৫৩ Asia/Dhaka
  • চুক্তি সই করছেন মোহাম্মাদ ফারাজমান্দ এবং মারকাস লেইটনার
    চুক্তি সই করছেন মোহাম্মাদ ফারাজমান্দ এবং মারকাস লেইটনার

সৌদি আরবে ইরানের স্বার্থ দেখাশুনার জন্য জেদ্দায় একটি দপ্তর খোলার ব্যাপারে সুইস সরকারের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চুক্তি সই করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরীয় অঞ্চল বিষয়ক মহাপরিচালক মোহাম্মাদ ফারাজমান্দ এবং তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত মারকাস লেইটনার বুধবার তেহরানে এই চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী সৌদি আরবে ইরানের স্বার্থ দেখাশোনার দায়িত্ব পালন করবে সুইজারল্যান্ড।

প্রয়োজনীয় নির্বাহী ব্যবস্থাপনা সম্পন্ন হওয়ার পর অচিরেই সৌদি আরবের জেদ্দায় এ দপ্তর চালু হবে।

চুক্তি সই'র পর করমর্দন

ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার ২০ মাসেরও বেশি সময় পর এ চুক্তি সই হলো। সুইজারল্যান্ড সরকার বুধবার বলেছে, দেশটি ইরান ও সৌদি আরব উভয় দেশকে কনস্যুলার সেবা প্রদান করবে।

২০১৫ সালের সেপ্টেম্বর মাসে পবিত্র হজ্বের সময় মিনা ট্রাজেডিতে ইরানের শত শত হাজি নিহত হওয়ার পর দু’দেশের সম্পর্কের অবনতি হয়। এরপর ২০১৬ সালের জানুয়ারি মাসে সৌদি সরকার দেশটির প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আন-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করলে তেহরান ও রিয়াদের সম্পর্কে উত্তেজনা তুঙ্গে ওঠে। ওই মাসেই ইরানের রাজধানী তেহরান ও পূর্বাঞ্চলীয় মাশহাদ নগরীতে সৌদি দূতাবাস ও কূটনৈতিক মিশনের সামনে বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ বিক্ষোভের জের ধরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬