ইয়েমেন নিয়ে সৌদি দাবি হাস্যকর: ইরান
-
বাহরাম কাসেমি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইয়েমেন ইস্যুতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের যে দাবি করেছেন তা নিতান্তই হাস্যকর। জুবায়ের তার ভাষায় বলেছেন, "ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে ইরান।" গতকাল রিয়াদে অনুষ্ঠিত এক সম্মেলনে জুবায়ের এ মন্তব্য করেন। সম্মেলনে যোগ দেন ইয়েমেন আগ্রাসনে অংশ নেয়া আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
সৌদি মন্ত্রীর দাবির প্রতিক্রিয়ায় বাহরাম কাসেমি আজ (সোমবার) বলেন, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইরান বাধা দিচ্ছে বলে আদেল আল-জুবায়ের যে বক্তব্য দিয়েছেন তা হাস্যকর ও ভিত্তিহীন। তিনি বলেন, যারা ইয়েমেনের নিষ্পাপ সাধারণ মানুষের ওপর বর্বর-ঘৃণ্য অপরাধযজ্ঞ চালাচ্ছে তারা এসব মিথ্যা দাবির মাধ্যমে মানবাধিকার ও আন্তর্জাতিক দায়িত্ব এড়াতে পারবে না।
রিয়াদ সম্মেলনে যোগ দেয়া মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বাহরাম কাসেমি বলেন, ইয়েমেন ইস্যুতে ভুল পদক্ষেপ অব্যাহত রাখবেন না বরং ইয়েমেনের জনগণের কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। এর মাধ্যমে ইয়েমেনে যুদ্ধ বন্ধ ও পূর্ণাঙ্গ আলোচনার পথ খুলে যেতে পারে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০