ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে: আবার নিশ্চিত করল আইএইএ
https://parstoday.ir/bn/news/iran-i48016-ইরান_পরমাণু_সমঝোতা_মেনে_চলছে_আবার_নিশ্চিত_করল_আইএইএ
ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলছে বলে আবারো নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ। সংস্থাটি বলেছে, আইএইএ’র পরিদর্শকরা কোনো প্রতিবন্ধকতা ছাড়াই ইরানে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০১৭ ০৩:৪০ Asia/Dhaka
  • আবু ধাবিতে বক্তব্য রাখছেন ইউকিয়া আমানো
    আবু ধাবিতে বক্তব্য রাখছেন ইউকিয়া আমানো

ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলছে বলে আবারো নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ। সংস্থাটি বলেছে, আইএইএ’র পরিদর্শকরা কোনো প্রতিবন্ধকতা ছাড়াই ইরানে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।

আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো ইরান সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে পৌঁছে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, ইরান যে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করছে তার সংস্থা সে নিশ্চয়তা দিচ্ছে।

রোববার ইরান সফরে গিয়ে আমানো ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবার সালেহি এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন। আমানো ও সালেহি এক যৌথ সংবাদ সম্মেলনেও বক্তব্য রাখেন।

যৌথ সংবাদ সম্মেলনে সালেহি (বামে) এবং আমানো

আইএইএ’র প্রধানের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রুহানি ওই সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদারে তার দেশের আগ্রহের কথা জানান। সেইসঙ্গে তিনি রাজনৈতিক চাপের ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের জন্য আইএইএ’র প্রতি আহ্বান জানান।  ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ যতদিন পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বর্ণিত সুবিধাগুলো পাবে ততদিন এটি মেনে চলবে তেহরান। কিন্তু অন্য পক্ষগুলো এটি লঙ্ঘন করলে তেহরান বিকল্প চিন্তা করতে বাধ্য হবে।

পরমাণু সমঝোতার একটি ধারা অনুযায়ী এটি বাস্তবায়নের কাজ তদারকির দায়িত্ব আইএইএ’কে দেয়া হয়েছে। তেহরান এই সমঝোতা মেনে চলছে কিনা সে বিষয়টির নিশ্চয়তা দেয়ার একমাত্র আইনি সংস্থা হচ্ছে আইএইএ। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১