হারিরির পদত্যাগ মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করার ষড়যন্ত্র: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i48166-হারিরির_পদত্যাগ_মধ্যপ্রাচ্যকে_উত্তপ্ত_করার_ষড়যন্ত্র_ইরান
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দোষারোপ করে পদত্যাগের যে ঘোষণা দিয়েছেন তাকে চূড়ান্তভাবে নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, সাদ হারিরির পদত্যাগ সৌদি আরব, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্রের ফসল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৪, ২০১৭ ২৩:৪৬ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দোষারোপ করে পদত্যাগের যে ঘোষণা দিয়েছেন তাকে চূড়ান্তভাবে নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, সাদ হারিরির পদত্যাগ সৌদি আরব, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্রের ফসল।

বাহরাম কাসেমি আরো বলেছেন, তাদের কারণেই মূলত সাদ হারিরি ভিত্তিহীন অভিযোগ তুলে পদত্যাগ করেছেন এবং এর মূল লক্ষ্য হচ্ছে- লেবানন ও মধ্যপ্রাচ্যকে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির মুখে ঠেলে দেয়া।

সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরে গিয়ে সাদ হারিরি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতির মাধ্যমে শনিবার পদত্যাগের ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা পর বাহরাম কাসেমি এসব কথা বললেন। পদত্যাগের ঘোষণার সময় সাদ হারিরি ইরান ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে দোষারোপ করেন। তিনি নিজের জীবন নিয়ে শংকা প্রকাশ করে বলেছেন, তাকে গোপনে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।

এ প্রসঙ্গে বাহরাম কাসেমি বলেন,“মি. হারিরির আকস্মিক পদত্যাগের ঘোষণা এবং অন্য একটি দেশ থেকে সে ঘোষণা দেয়া খুবই দুঃখ ও আশ্চর্যজনক তবে এতে পরিষ্কার ইঙ্গিত রয়েছে যে, তিনি আঞ্চলিক কুচক্রি মহলের হয়ে খেলছেন।” বাহরাম কাসেমি বলেন, “এ খেলায় আরব কিংবা মুসলমানরা কেউ জিতবে না বরং জিতবে ইহুদিবাদী ইসরাইল যে কিনা এ অঞ্চলের মুসলিম দেশগুলোর ভেতরে ও বাইরে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।”

সাদ হারিরি

ইরানের এ মুখপাত্র বলেন, সাদ হারিরি এমন সময় পদত্যাগ করলেন যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ অঞ্চলের দেশগুলোতে চূড়ান্ত পতনের মুখে রয়েছে এবং যখন মার্কিন ও তাদের আঞ্চলিক মিত্র সমর্থিত সন্ত্রাসীদের হাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে শান্তি প্রতিষ্ঠা এবং পুনর্গঠন জরুরি।

বাহরাম কাসেমি বলেন, ইরান বিশ্বাস করে যে, লেবাননের ধৈর্যশীল জনগণ তাদের দেশ নিয়ে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা ব্যর্থ করে দেবেন। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময় আঞ্চলিক দেশগুলোর শান্তি ও নিরাপত্তা সুরক্ষার বিষয়টি নিয়ে ভাবে এবং তেহরান মনে করে এসব দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নতির সঙ্গে ইরানের স্বার্থ জড়িত। এ কারণেই ইরান এ অঞ্চলে নিরাপত্তাহীনতা, অস্থিতিশীলতা, চরমপন্থি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করাকে এত বেশি গুরুত্বের সঙ্গে নিয়েছে।

বাহরাম কাসেমি বলেন, ইরান ও লেবাননের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে এবং ইসলামি প্রজাতন্ত্র সবসময় লেবাননের স্বাধীনতা, স্থিতিশীলতা ও শান্তির প্রতি সম্মান দেখায়। অভিন্ন স্বার্থকে সামনে রেখে লেবানন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে বলেও তিনি ঘোষণা দেন।

শনিবার সাদ হারিরি সৌদি আরব সফরে গিয়ে নানা কারণ উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ইরান ও হিজবুল্লাহকে অভিযুক্ত করেন। তিনি বলেন, তিনি মনে করছেন তার জীবনের হুমকি দেখা দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫