ইরানের সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ পরিবর্তন
-
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী; ইনসেটে ওপরের ডান থেকে- জেনারেল দাদরাস, রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি এবং নিচে রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ তিনটি পদে নতুন নিয়োগ দিয়েছেন।
রোববার এক ডিক্রির মাধ্যমে তিনি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হোসেইন দাদরাসকে ইরানের সামরিক বাহিনীর নতুন সেক্ন্ডে-ইন-কমান্ড নিয়োগ দেন। বাহিনীর প্রতি জেনারেল দাদরাসের আনুগত্য ও অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে বলে উল্লেখ করেছেন সর্বোচ্চ নেতা। তিনি গোয়েন্দা কার্যক্রম ও সামরিক বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি জোরদার করতে জেনারেল দাদরাসের প্রতি আহ্বান জানান। আগে এ পদে ব্রিগেডিয়ার জেনারেল পুরদস্তান দায়িত্ব পালন করেছেন এবং সর্বোচ্চ নেতা তাকে ধন্যবাদ জানান।
অন্য এক ডিক্রির মাধ্যমে আয়াতুল্লাহ খামেনেয়ী নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারিকে সামরিক বাহিনীর সমন্বয় বিভাগের উপ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল দাদরাস আগে এ পদে ছিলেন।
আরেকটি ডিক্রি জারির মাধ্যমে সর্বোচ্চ নেতা রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদিকে নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। নৌবাহিনীতে খানজাদির কৃতিত্বপূর্ণ রেকর্ডের বিষয়টি বিবেচনা করে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬