সৌদি ষড়যন্ত্র নস্যাৎ করতে আঞ্চলিক দেশগুলো প্রস্তুত: ইরান
-
কামাল খাররাজি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের আওতাধীন স্ট্র্যাটেজিক রিসার্চ সেন্টারের প্রধান কামাল খাররাজি বলেছেন, ইরান ও আঞ্চলিক দেশগুলো মিলে সৌদি আরবের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার কূটনীতিক একাডেমীতে গতকাল (শুক্রবার) এক সমাবেশের অবকাশে তিনি এ কথা বলেছেন।
কামাল খাররাজি বলেন, মধ্যপ্রাচ্যের স্বাধীন সরকারগুলোকে সন্ত্রাসবাদ থেকে রক্ষা করছে ইরান এবং তার দেশই হচ্ছে এ অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার প্রধান শক্তি।
মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য সন্ত্রাসী নানা গোষ্ঠী তৈরি করায় কয়েকটি দেশের সমালোচনা করে ইরানের এ কর্মকর্তা বলেন, "এরা মার্কিন সমর্থন পায় কারণ তাদের হাতে রয়েছে যথেষ্ট পরিমাণ অর্থ।" সৌদি আরবের সাম্প্রতিক বিপজ্জনক পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, রিয়াদের ষড়যন্ত্র সবসময় ছিল তবে ইরান ও আঞ্চলিক দেশগুলো এসব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছে।
লেবাননের ঘটনাবলী সম্পর্কে কামাল খাররাজি বলেন, "এটি একটি মারাত্মক সংকট এবং সৌদি আরবের সরাসরি হস্তক্ষেপের ফলেই তা তৈরি হয়েছে।" তিনি পরিষ্কার করে বলেন, লেবাননের প্রধানমন্ত্রীকে সৌদি আরবে তলব করা হয়েছে এবং তাকে পদত্যাগে বাধ্য করা হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১