দায়েশ এবং মদদদাতাদের চরম পরাজয় ঘটেছে: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরাক এবং সিরিয়া থেকে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ নির্মূলের প্রশংসা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান বলেছে, এ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বিজয়ের মাধ্যমে আরেকবার প্রমাণিত হয়েছে, সন্ত্রাসবাদ এবং এর পৃষ্ঠপোষকদের পরাজয় অনিবার্য।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, "এ অঞ্চলের প্রতিরোধকামী যোদ্ধা এবং জাতিগুলোর সমন্বিত লড়াই ও ত্যাগের ফলে দায়েশের পতন ঘটানো সম্ভব হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।"
বিবৃতিতে বলা হয়েছে, "আজ কথিত আইএসআইএল বা দায়েশ গঠনের সব স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, সন্ত্রাসবাদ এবং এর প্রতি আদর্শিক, আর্থিক, রাজনৈতিক এবং সামরিক সমর্থনকারীরা ব্যর্থ হতে বাধ্য।"
বিবৃতিতে বলা হয়েছে, "সন্ত্রাসী এবং তাদের মদদদাতা যারা নানা অপরাধ, হত্যাযজ্ঞ, ধ্বংস এবং লাখ লাখ নিরস্ত্র ও অসহায় মানুষের উদবাস্তুতে পরিণত হওয়ার পেছনে দায়ী তাদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে।"
এছাড়া, বিবৃতির অন্য অংশে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ায় সন্ত্রাস বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য রুশ সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে। পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যুদ্ধের ময়দান ও কূটনৈতিক চ্যানেলে যারা ইরাক ও সিরিয়ার পাশে ছিল তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ইরান।#
পার্সটুডে/বাবুল আখতার/২২